২০২৬ টি-২০ বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, চলবে ৮ মার্চ পর্যন্ত। তার আগেই সম্প্রচার সংক্রান্ত অনিশ্চয়তা তৈরি হওয়ায় টুর্নামেন্ট আয়োজন নিয়েও প্রশ্ন উঠছে।

ছবি: গুগল
শেষ আপডেট: 8 December 2025 14:51
দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ টি-২০ বিশ্বকাপের আগে বড় সংকটে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। ভারত–শ্রীলঙ্কা টুর্নামেন্টের যৌথ আয়োজক। তার আগে আইসিসিকে জিওস্টার (JioStar) জানিয়ে দিল—চার বছরের ভারতীয় মিডিয়া রাইটস চুক্তির বাকি দু’বছর তারা আর পূরণ করতে পারবে না।
‘ইকনমিক টাইমসে’র প্রতিবেদন অনুযায়ী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন প্ল্যাটফর্মটি আইসিসিকে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে—তাদের পক্ষে আর্থিক দায় সামলানো সম্ভব নয়। মোট ৩ বিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ২৫ হাজার কোটি টাকা) এই চুক্তিতে ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত প্রতি বছর কমপক্ষে একটি করে বড় আইসিসি টুর্নামেন্ট সম্প্রচারের অধিকার ছিল।
হঠাৎ এই পিছু হটার মূল কারণ—বিপুল আর্থিক ক্ষতি। জিওস্টারের অডিটেড অ্যাকাউন্ট অনুযায়ী, স্পোর্টস কন্টেন্ট সংক্রান্ত ক্ষতির অঙ্ক এক বছরে ১২ হাজার ৩১৯ কোটি থেকে লাফিয়ে পৌঁছেছে ২৫ হাজার ৭৬০ কোটিতে। অর্থাৎ, লোকসান বেড়েছে প্রায় দ্বিগুণ। যে কারণে, ব্যয় বাড়লেও রাজস্ব আদায় যে সেই তুলনায় হচ্ছে না, এটা দিনের আলোর মতো স্পষ্ট।
এমন পরিস্থিতিতে আইসিসি নতুন করে ভারতীয় সাব-কন্টিনেন্টে ২০২৬–২৯ মিডিয়া রাইটস বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। লক্ষ্য: প্রায় ২০ হাজার কোটি টাকার বিনিয়োগ। কিন্তু জিওস্টার চুক্তি ছাড়ায় গোটা পরিকল্পনা এখন অচলাবস্থায়। নতুন ব্রডকাস্টার খুঁজতে ইতিমধ্যেই সনি পিকচার্স নেটওয়ার্কস (SPNI), নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও-সহ কয়েকটি বড় প্ল্যাটফর্মকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু এত বড় অঙ্ক হওয়ায় কেউ বিশেষ আগ্রহ দেখায়নি বলেই সূত্রের খবর।
উল্লেখ্য, ২০২৬ টি-২০ বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, চলবে ৮ মার্চ পর্যন্ত। তার আগেই সম্প্রচার সংক্রান্ত অনিশ্চয়তা তৈরি হওয়ায় টুর্নামেন্ট আয়োজন নিয়েও প্রশ্ন উঠছে। জিওস্টারের হালফিলের সিদ্ধান্ত শুধু আইসিসিকে নয়, পুরো ক্রিকেট বাজারকেই নড়বড়ে করেছে। কারণ ভারতীয় উপমহাদেশই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় সম্প্রচার বাজার। এখন দেখার—আইসিসি কত দ্রুত নতুন ব্রডকাস্টার ঠিক করতে পারে। না হলে ২০২৬ টি-২০ বিশ্বকাপের জন্য আয়–বিপণন–সম্প্রচার—সবই বড় সমস্যার মুখোমুখি হতে চলেছে।