৪ জুন, ২০২৫ তারিখে আমাদের হৃদয় ভেঙে গিয়েছে। আমরা আরসিবি পরিবারের এগারো জন সদস্যকে হারিয়েছি।

আরসিবি
শেষ আপডেট: 30 August 2025 15:24
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫-এ খেতাব জয়ের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) সেলিব্রেশনের সময় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে মারা যান ১১ জন সমর্থক। এরপর বহুদিন নীরব ছিল আরসিবি কর্তৃপক্ষ। দু’দিন আগে তারা ৮৪ দিনের নীরবতা ভেঙে জানিয়েছিল, প্রচণ্ড যন্ত্রণা থেকেই কোনও পোস্ট তাদের সোশ্যাল মিডিয়ায় করা হয়নি। সেই সঙ্গে জানিয়েছিল, মৃত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে তারা আরসিবি কেয়ার্স চালু করেছে।
এরপর আজ (শনিবার) নিহতদের পরিবারের জন্য (Families Of Bengaluru Stampede Victims) সাহায্যের ঘোষণা করেছে আরসিবি কেয়ার্স (RCB Cares)। পদদলিত হয়ে প্রাণ হারানো প্রতিটি পরিবারকে ২৫ লক্ষ টাকা করে দেবে আরসিবি কেয়ার্স।
#RCB
২০২৫ আইপিএল ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল খেতাব জেতে আরসিবি। ১৮টি মরশুম অপেক্ষা করার পর আরসিবি প্রথম আইপিএল খেতাব জেতার পর বেঙ্গালুরুতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। কিন্তু দ্রুত সেই আনন্দ শোকে পরিণত হয়। ৪ জুন, চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে প্রায় দুই লক্ষ আরসিবি ফ্যান জড়ো হয়েছিলেন, যা পুলিশ নিয়ন্ত্রণ করতে পারেনি। এর ফলে বিশৃঙ্খলা দেখা দেয়। পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন, আহতের সংখ্যাও ছিল প্রচুর।
এদিন বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, তাদের নতুন উদ্যোগ আরসিবি কেয়ার্সের অধীনে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এর আগে, আরসিবি দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছিল। এবার তা বাড়িয়ে ২৫ লক্ষ করা হয়েছে। আরসিবি তাদের পোস্টে লিখেছিল, “৪ জুন, ২০২৫ তারিখে আমাদের হৃদয় ভেঙে গিয়েছে। আমরা আরসিবি পরিবারের এগারো জন সদস্যকে হারিয়েছি। তারা আমাদের অংশ ছিল। আমাদের শহর, আমাদের সম্প্রদায় এবং আমাদের দলকে অনন্য করে তোলে এমন জিনিসগুলির অংশ। তাঁদের অনুপস্থিতি সর্বদা আমাদের সকলের স্মৃতিতে থাকবে। কোনও সাহায্য কখনও তাঁদের স্থান পূরণ করতে পারে না, তবে শ্রদ্ধার সঙ্গে আরসিবি তাঁদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সহায়তা ঘোষণা করছে।”