দলের সহ-অধিনায়ক করা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার অভিষেক পোড়েলকে।

মহম্মদ সামি
শেষ আপডেট: 9 October 2025 17:42
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়া সফরের জন্য সীমিত ওভারের ভারতীয় দল থেকে বাদ পড়ার পর ফাস্ট বোলার মহম্মদ সামি (Mohammed Shami) এখন প্রস্তুত বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলতে। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা এই পেসারকে টুর্নামেন্টের জন্য বাংলার ১৮ সদস্যের দলে (Bengal Ranji Squad) অন্তর্ভুক্ত করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর থেকে সামি ভারতীয় দলের বাইরে রয়েছেন।
অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণার পর সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচক অজিত আগরকর স্পষ্টভাবে বলেছিলেন, সামি ভারতীয় দলে জায়গা পাওয়ার জন্য যথেষ্ট ঘরোয়া ক্রিকেট খেলেননি। এদিকে ফের বাংলার অধিনায়ক হিসাবে দেখা যাবে অভিমন্যু ঈশ্বরণকে। ইন্ডিয়া এ দলের হয়ে ব্যস্ততার কারণে অভিমন্যু বাংলার হয়ে নিয়মিত খেলতে পারছিলেন না। এবার তাঁকেই অধিনায়ক হিসাবে বেছে নিয়েছেন বাংলার নির্বাচকরা। পাশাপাশি দলের সহ-অধিনায়ক করা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার অভিষেক পোড়েলকে।
ঈশ্বরণকে ২০২২-২৩ মরশুমের মাঝামাঝি সময়ে বাংলার অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল তাঁর খারাপ ফর্ম এবং ইন্ডিয়া এ দলের হয়ে ব্যস্ততার কারণে। এই টপ-অর্ডার ব্যাটারকে গত তিন বছর ধরে ভারতীয় টেস্ট দলের জন্য রিজার্ভ হিসাবে রাখা হয়েছে, কিন্তু এখনও তাঁর অভিষেক হয়নি।
ব্যাটিং অর্ডারে অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায় এবং তরুণ সুদীপ কুমার ঘরামি রয়েছেন। তরুণ রাহুল প্রসাদ, সৌরভকুমার সিং এবং বিশাল ভাটিও রয়েছেন স্কোয়াডে।এবারও প্রধান কোচের দায়িত্বে রয়েছেন বহু যুদ্ধের নায়ক লক্ষ্মীরতন শুক্লা। পাশাপাশি অরূপ ভট্টাচার্য এবং শিবশঙ্কর পাল সহকারী কোচ হিসাবে থাকবেন। ফিল্ডিং কোচ চরণজিৎ সিং মাথারু। ১৫ অক্টোবর ইডেনে উত্তরাখণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফি অভিযান শুরু করবে বাংলা।
বাংলার রঞ্জি ট্রফি স্কোয়াড:
অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), অভিষেক পোড়েল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), সুদীপকুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, সুমন্ত গুপ্ত, সৌরভ কেআর সিং, বিশাল ভাটি, মহম্মদ সামি, আকাশ গান্ধী, আকাশ দীপ, শামীম হাবিব (উইকেটরক্ষক), ইশান পোড়েল, কাজি জুনায়েদ সাইফি, রাহুল প্রসাদ, সুমিত মোহন্ত, বিকাশ সিং।