জার্সি-স্পনসর নিয়ে মতামত জানানোর পাশাপাশি আজ আইপিএল টিকিটের উপর জিএসটি বাড়ানোর প্রসঙ্গও ছুঁয়ে গেলেন রাজীব। তাঁর বক্তব্য, নতুন নিয়মে ৫০০ টাকার টিকিট কিনতে এবার থেকে খরচ হবে ৭০০ টাকা, আর ২০০০ টাকার টিকিটে দিতে হবে ২৮০০ টাকা।

টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 13 September 2025 17:03
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup 2025) জোর চর্চায় সূর্যকুমারদের ‘ফাঁকা জার্সি’। এই মুহূর্তে টিম ইন্ডিয়ার (Team India) কোনও অফিসিয়াল শার্ট স্পনসর নেই। যে কারণে 'রিক্ত বুকে'ই মাঠে নামতে বাধ্য হয়েছেন গম্ভীরের ছেলেরা।
যদিও খুব তাড়াতাড়ি সে শূন্যস্থান ভরাট হতে চলেছে! অন্তত, এমনটাই আশ্বাস দিয়েছেন বিসিসিআইয়ের (BCCI) সহ–সভাপতি রাজীব শুক্ল (Rajiv Shukla)। জানালেন, আগামী ১৫–২০ দিনের মধ্যেই নতুন জার্সি স্পনসরের নাম ঘোষণা করা হবে। ১৬ সেপ্টেম্বর বন্ধ হচ্ছে দরপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত। শুক্লর কথায়, ‘টেন্ডারের কাজ শুরু হয়ে গিয়েছে। অনেক সংস্থা আগ্রহ দেখিয়েছে। সব কিছু পাকা হলে বলে দেওয়া হবে। আশা করছি ১৫–২০ দিনের মধ্যেই আপনারা জানতে পারবেন!’
প্রসঙ্গত, এর আগে অনলাইন গেমিং কোম্পানি ড্রিম–১১ (Dream11)–এর সঙ্গে ছিল বোর্ডের ৩৫৮ কোটির বার্ষিক চুক্তি। কিন্তু সম্প্রতি কার্যকর হওয়া অনলাইন গেমিং রেগুলেশন বিলের জেরে গাঁটছড়ায় ইতি পড়ে। নতুন আইনে বাস্তব অর্থভিত্তিক গেমিং অ্যাপস নিষিদ্ধ। ফলে ড্রিম-১১ কর্তৃপক্ষ আগেভাগেই চুক্তি ভেঙে বেরিয়ে আসতে বাধ্য হয়। এরপর বিসিসিআই নড়েচড়ে বসে। নতুন টেন্ডার ডেকে জানিয়ে দেয়, জুয়ার সঙ্গে যুক্ত কোনও, ক্রিপ্টোকারেন্সি বা মদ প্রস্তুতকারক সংস্থা বিড করতে পারবে না। সেই শর্ত মেনেই এবার টেন্ডার-প্রতিযোগিতা শুরু হয়েছে।
জার্সি-স্পনসর নিয়ে মতামত জানানোর পাশাপাশি আজ আইপিএল টিকিটের উপর জিএসটি বাড়ানোর প্রসঙ্গও ছুঁয়ে গেলেন রাজীব। তাঁর বক্তব্য, নতুন নিয়মে ৫০০ টাকার টিকিট কিনতে এবার থেকে খরচ হবে ৭০০ টাকা, আর ২০০০ টাকার টিকিটে দিতে হবে ২৮০০ টাকা। তবে আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচের ক্ষেত্রে করের হার ১৮ শতাংশই থাকছে।
অন্যদিকে মহিলা ক্রিকেট নিয়েও মন্তব্য করেন বিসিসিআই কর্তা। পরিকাঠামো, সমান বেতন ও সুযোগ–সুবিধায় ইতিমধ্যেই অনেক উন্নতি হলেও শুক্লর খেদ শুধু একটাই: ‘সব আয়োজন আমরা করছি। এখন দরকার, মহিলাদের ম্যাচ দেখতে গ্যালারি-ভরা সমর্থক!’
যদিও আর সব ইস্যু ছাপিয়ে স্পটলাইটে টিম ইন্ডিয়ার ফাঁকা জার্সি। তা পূরণ করবে কে, কার নাম দেখা যাবে শুভমানদের শার্টে—সে রহস্য খোলসা হতে চলেছে সেপ্টেম্বরের শেষে!