
ফের সাকিব আল হাসানকে দলে নেবে কলকাতা নাইট রাইডার্স?
শেষ আপডেট: 24 November 2024 09:20
দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যেই প্রস্তুত মঞ্চ। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের মেগা নিলাম। এই অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে ১০ ফ্র্যাঞ্চাইজি কোমর বেঁধে নেমে পড়েছে। এবারের নিলাম অনুষ্ঠানে মোট ৫৭৭ ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে। কিন্তু, এই তালিকায় কতজন বাংলাদেশের ক্রিকেটার রয়েছেন? আসুন, সেই হিসেবটা একবার দেখে নেওয়া যাক।
গত ৩১ অক্টোবর আইপিএল টুর্নামেন্টের ১০ ফ্র্যাঞ্চাইজি রিটেনশন তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকায় মোট ৪৬ জনকে রিটেন করা হয়েছে। সবথেকে বেশি ক্রিকেটার রিটেন করেছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। কিন্তু, কোনও ফ্র্যাঞ্চাইজিই বাংলাদেশের কোনও ক্রিকেটারকে রিটেন করেনি।
এবারের আইপিএল নিলামে বাংলাদেশের কোন কোন ক্রিকেটার রয়েছেন?
রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তানজিম হাসান, মেহেদি হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সাকিব আল হাসান, লিটন দাস, মুস্তাফিজ়ুর রহমান। এরমধ্যে সাকিব, লিটন এবং মুস্তাফিজুর ছাড়া আর কারোরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা নেই।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি আইপিএল খেলার অভিজ্ঞতা সাকিব আল হাসানের রয়েছে। এখনও মোট ৯ মরশুম খেলেছেন। এরমধ্যে সাতবার তো কলকাতা নাইট রাইডার্সের হয়েই খেলেছেন তিনি। ২০১৬ সাল থেকে আইপিএল খেলছেন মোস্তাফিজও। গত মরশুমে তিনি চেন্নাই সুপার কিংস দলের হয়ে যথেষ্ট নজর কেড়েছিলেন। তবে লিটন দাস কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র একটাই ম্য়াচ খেলার সুযোগ পেয়েছেন।