অর্শদীপ সুযোগ না পেয়ে অধৈর্য হয়ে উঠছিল। আমি ওকে বলেছিলাম, তোমাকে তোমার সময়ের জন্য অপেক্ষা করতে হবে।

অর্শদীপ সিং
শেষ আপডেট: 25 August 2025 18:48
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে টিম ইন্ডিয়া স্কোয়াডে সুযোগ মিললেও লাল বলের ক্রিকেটে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়নি অর্শদীপ সিংয়ের (Arshdeep Singh)। ইংল্যান্ড সফরের (England Tour) আগে অনেক প্রাক্তন ক্রিকেটারই বলেছিলেন, সে দেশের আবহাওয়ার কারণে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন পাঞ্জাবের এই পেসার। অর্শদীপ নিজেও স্বপ্ন দেখছিলেন টিম ইন্ডিয়ার জার্সিতে লাল বল হাত নিয়ে ছুটছেন। তাঁর পেস আর সুইংয়ে বেসামাল হয়ে পড়ছেন ইংলিশ ব্যাটাররা। কিন্তু সেই স্বপ্ন সফল হয়নি।
এর আগে ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা ছিল অর্শদীপের। কেন্টের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছিলেন তিনি। কিন্তু তাঁর সেই অভিজ্ঞতার মূল্য দেয়নি গুরু গম্ভীরের (Gautam Gambhir) ম্যানেজমেন্ট। এই প্রসঙ্গে পাঞ্জাব কিংসের বোলিং কোচ গগনদীপ সিং (Gagandeep Singh) বলেছেন, টিম ম্যানেজমেন্ট আর্শদীপকে ভরসা করতে পারেনি, তাই তাঁর নাম বিবেচনা করা হয়নি।
গগনদীপ সিং বলেছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সুযোগ না পেয়ে ভারতীয় ফাস্ট বোলার অর্শদীপ সিং অস্থির হয়ে পড়েছিলেন। তিনি বলেছেন, “অর্শদীপ সুযোগ না পেয়ে অধৈর্য হয়ে উঠছিল। আমি ওকে বলেছিলাম, তোমাকে তোমার সময়ের জন্য অপেক্ষা করতে হবে।”
বাঁহাতি ফাস্ট বোলার অর্শদীপ সিং ২১টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলে ৩০.৩৭ গড়ে ৬৬টি উইকেট নিয়েছেন, যার মধ্যে দু’বার পাঁচ উইকেটও রয়েছে। গগনদীপ বলেন, “ইংল্যান্ডে অর্শদীপ থাকাকালীন আমি ওর সঙ্গে কথা বলেছিলাম। সুযোগ না পেয়ে অস্থির হয়ে উঠছিল। আমি অর্শকে বলেছিলাম, তোমাকে তোমার সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আমার মনে হয় তার ইংল্যান্ডে খেলা উচিত ছিল কারণ সে একজন সুইং বোলার এবং লম্বা, সবকিছু তার পক্ষেই ছিল। আমি দলের সমন্বয় জানি না, হয়তো কোচ (গৌতম গম্ভীর) এবং অধিনায়ক (শুভমন গিল) অর্শদীপের উপর ভরসা করতে পারেননি।”
পাশাপাশি পাঞ্জাবের বোলিং কোচ আর্শদীপকে সুইং এবং নির্ভুলতা নিয়ে কাজ করার এবং বোলিংয়ে আরও বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছেন। গগনদীপ বলেছেন, “অর্শ যদি সুইং এবং নির্ভুলতার উপর জোর দেয় তাহলে আরও ভাল বোলার হয়ে উঠতে পারবে। গত কয়েক মাসে আমি ওকে দেখিনি, তবে আশা করি যখন আমি দেখব, তখন আমি আরও ভালভাবে মূল্যায়ন করতে পারব। সাম্প্রতিক ম্যাচগুলিতে আমি যা দেখেছি, তা থেকে মনে হচ্ছে, সে লাইন এবং লেন্থ, ইয়র্কার বল এবং বিশেষ করে বাউন্সারগুলিতে আরও বেশি কাজ করতে পারে, যা আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কার্যকর বল।”