মনে করা হচ্ছে, এই উত্থান শুধু আবেগ নয়, বাজারের বাস্তব। ভারতের মহিলা ক্রিকেটাররা এখন বিজ্ঞাপনদাতাদের কাছে নির্ভরযোগ্য বিনিয়োগ। প্রশ্ন শুধু একটাই—এই সাফল্যের রকেটগতি তাঁরা কত দূর ধরে রাখতে পারবেন?
.jpeg.webp)
ছবি: গুগল
শেষ আপডেট: 4 November 2025 10:40
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপজয়ের (Women’s World Cup 2025) সুবাদে অনেক স্টিরিওটাইপ আর আগল ভেঙেছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। লড়াই শেষে মাঠের বাইরেও নয়া ট্রেন্ড সেট করল প্রমীলা ব্রিগেড! দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে প্রথমবার ওডিআই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরই ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ২৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত। বিজ্ঞাপন দুনিয়া এখন কার্যত হরমন–জেমাইমা–স্মৃতি জ্বরে আক্রান্ত।
ইকনমিক টাইমস–এর (Economic Times) রিপোর্ট অনুযায়ী, বিশ্বজয়ের পর থেকেই একাধিক বড় ব্র্যান্ড যোগাযোগ করেছে হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), স্মৃতি মান্ধানা (Smriti Mandhana), জেমাইমা রদ্রিগেজ (Jemimah Rodrigues), দীপ্তি শর্মা (Deepti Sharma), শেফালি বর্মাদের (Shafali Verma) সঙ্গে। তাঁদের সোশ্যাল মিডিয়া ফলোয়ারের সংখ্যাও কয়েক ঘণ্টার মধ্যে লাফিয়ে দু’গুণ।
ব্র্যান্ড ম্যানেজমেন্ট সংস্থা বেসলাইন ভেঞ্চার্সের (Baseline Ventures) ম্যানেজিং ডিরেক্টর তুহিন মিশ্র বলেন, ‘আজ সকাল থেকেই প্রচুর ব্র্যান্ড ইনকোয়ারি আসছে। শুধু নতুন চুক্তি নয়, আগের এন্ডোর্সমেন্টও রিনেগোশিয়েশনের পর্যায়ে। গড়ে ২৫–৩০ শতাংশ পর্যন্ত ফি বাড়ানো হচ্ছে।’
স্পটলাইটে জেমাইমা রদ্রিগেজ। তাঁর বৃদ্ধি সবচেয়ে নাটকীয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে অপরাজিত ১২৭ রান করার পর থেকেই বিজ্ঞাপন জগতে কদর তুমুল বেড়েছে। অন্যদিকে, স্মৃতি মান্ধানা এমনিতেই দেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া মহিলা ক্রিকেটার। নাইকি, হুন্ডাই, এসবিআই-সহ ১৬টি ব্র্যান্ডের মুখ তিনি। প্রতিটি চুক্তি থেকেই আয় প্রায় ১.৫ থেকে ২ কোটি টাকা।
জেএসডবলু স্পোর্টসের (JSW Sports) চিফ কমার্শিয়াল অফিসার করণ যাদবের মন্তব্য, ‘ম্যাচ শেষ হতেই বিভিন্ন ব্র্যান্ড থেকে ১০–১২টি সেক্টরের অফার আসতে শুরু করেছে। এখন প্রতিটি প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে।’বর্তমানে জেমাইমার এন্ডোর্সমেন্ট ফি ৭৫ লক্ষ থেকে ১.৫ কোটি টাকার মধ্যে, চুক্তির সময়কাল ও শর্ত অনুযায়ী।
বিশেষজ্ঞদের মতে, ব্র্যান্ড দুনিয়াও এই ঐতিহাসিক জয়ের অপেক্ষায় তৈরি ছিল। হিন্দুস্থান ইউনিলিভারের (Hindustan Unilever) ম্যানেজিং ডিরেক্টর প্রিয়া নায়ার জানান, ভারত কাপ জিতলে সার্ফ এক্সেলের (Surf Excel) ‘দাগ আচ্ছে হ্যায়’ ক্যাম্পেন এবং রেক্সোনার (Rexona) নতুন বিজ্ঞাপন প্রকাশের পরিকল্পনা খেতাব জয়ের আগেই ছকে ফেলা হয়। এ ছাড়া পিউমা (Puma), পেপসি (Pepsi), স্যুইগি ইনস্টামার্ট (Swiggy Instamart)–সহ একাধিক সংস্থা ইতিমধ্যে নিজেদের প্রচারে ভারতের জয় উদ্যাপন করেছে। যেমন পিউমার বার্তা, ‘প্রতিটি সন্দেহ, প্রতিটি ব্যর্থতা—সব পুড়ে ছাই। বিশ্বজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর।’
তাই মনে করা হচ্ছে, এই উত্থান শুধু আবেগ নয়, বাজারের বাস্তব। ভারতের মহিলা ক্রিকেটাররা এখন বিজ্ঞাপনদাতাদের কাছে নির্ভরযোগ্য বিনিয়োগ। প্রশ্ন শুধু একটাই—এই সাফল্যের রকেটগতি তাঁরা কত দূর ধরে রাখতে পারবেন?