নিউজিল্যান্ড সিরিজে ১–০ এগিয়ে থাকা ভারত এখন ম্যাচ জিতলেও চোটের ভ্রুকুটি উপেক্ষা করতে পারছে না। বিশ্বকাপের বছরে এই ধরণের ইনজুরি যে গৌতম গম্ভীরদের রাতের ঘুম কেড়ে নেবে, তা বলাই বাহুল্য।

ওয়াশিংটন সুন্দর
শেষ আপডেট: 12 January 2026 13:11
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর আগেই ধাক্কা খেয়েছিল ভারত। চোটের কারণে ছিটকে যান ঋষভ পন্থ (Rishabh Pant)। সবকিছু সামলে প্রথম ম্যাচ জিতলেও, দ্বিতীয় আঘাতটা এল সিরিজ চলাকালীন। বরোদার ম্যাচ চলাকালীন সাইড স্ট্রেনের কারণে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)।
প্রথম ম্যাচেই বিপত্তি, মাঠ ছাড়তে বাধ্য সুন্দর
বরোদায় সিরিজের প্রথম ওয়ানডেতে (ODI) প্রথম ইনিংসে পাঁচ ওভার বল করার পরই অস্বস্তিতে দেখা যায় ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar)। কিছুক্ষণের মধ্যে তিনি মাঠ ছাড়েন। তাঁর জায়গায় পরিবর্ত ফিল্ডার হিসেবে মাঠে নামেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। তখনই সন্দেহ তৈরি হয়েছিল—এই ম্যাচে আর ব্যাটিং করতে পারবেন তো?
ম্যাচের শেষদিকে টিম ইন্ডিয়ার একের পর এক উইকেট পড়ায় পরিস্থিতি যখন টলমলে, তখন বাধ্যত নামতেই হয় সুন্দরকে। সাত বলে সাত রান করলেও, দৌড়নোর সময় অস্বস্তি চোখে পড়ে। শেষ পর্যন্ত কেএল রাহুল (KL Rahul) ম্যাচ শেষ করে ভারতকে জয় এনে দিলেও ওয়াশিংটনের চোটজনিত দুশ্চিন্তা ঘুম উড়িয়েছে।
অধিনায়ক ও রাহুলের বক্তব্য
ম্যাচের পর রাহুল স্পষ্ট জানান, তিনি চোটের গুরুত্ব বুঝতে পারেননি। তাঁর কথায়, ‘আমি জানতাম প্রথম ইনিংসে ওর একটু অস্বস্তি ছিল। কিন্তু দৌড়তে পারছে না, সেটা জানতাম না। ব্যাট হাতে তো ভালোই মারছিল।’
অন্যদিকে অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে সমস্যার জায়গাটা পরিষ্কার করে দেন। বলেন, ‘ওয়াশিংটন সুন্দরের সাইড স্ট্রেন হয়েছে। ম্যাচের পর ও স্ক্যান করাবে।’এই ঘোষণার পরই কার্যত নিশ্চিত হয়ে যায়, সিরিজের বাকি ম্যাচে আর তাঁকে পাওয়া যাবে না।
টিম ম্যানেজমেন্টের চিন্তা
এই ম্যাচের ঠিক আগেই সাইড স্ট্রেনের কারণে স্কোয়াড থেকে ছিটকে যান ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর বদলে দলে ঢোকেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। এখন একই ধরনের চোটে সুন্দরও বাইরে চলে যাওয়ায় টিম ম্যানেজমেন্টের কপালে ভাঁজ পড়েছে। কারণ একটাই—ওয়াশিংটন (Washington Sundar) আসন্ন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) ভারতীয় স্কোয়াডে রয়েছেন। ফেব্রুয়ারিতে আইসিসির (ICC) বড় টুর্নামেন্টের আগে তাঁর ফিটনেস নিয়ে চিন্তা বাড়ছে। তবে এখনও পর্যন্ত বিসিসিআই (BCCI) আনুষ্ঠানিকভাবে সুন্দরের সিরিজ থেকে ছিটকে যাওয়ার কথা ঘোষণা করেনি কিংবা তাঁর বদলি হিসেবে কে আসবেন, সেটাও জানায়নি।
নিউজিল্যান্ড সিরিজে ১–০ এগিয়ে থাকা ভারত এখন ম্যাচ জিতলেও চোটের ভ্রুকুটি উপেক্ষা করতে পারছে না। বিশ্বকাপের বছরে এই ধরণের ইনজুরি যে গৌতম গম্ভীরদের রাতের ঘুম কেড়ে নেবে, তা বলাই বাহুল্য।