রেখা-তনুশ্রীর ছবি ফিরিয়ে দিল ৪০ বছর আগেকার 'হোপ ৮৬' জলসার স্মৃতি।

রেখা-তনুশ্রীর ছবি ফিরিয়ে দিল ৪০ বছর আগেকার স্মৃতি।
শেষ আপডেট: 15 May 2025 18:34
দ্য ওয়াল ব্যুরো: ১৯৮৬ সালের ঐতিহাসিক তারকাখচিত জলসা ছিল 'হোপ ৮৬'। বম্বে-কলকাতার প্রথম সারির মেগাস্টার শিল্পীরা অংশগ্রহণ করেন এই জলসায়। কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে হয়েছিল এই সাড়া জাগানো অনুষ্ঠান। সম্প্রতি সামাজিক মাধ্যমে সামনে এল 'হোপ ৮৬' জলসার অদেখা ছবি। স্বপ্নসুন্দরী রেখা আর লক্ষ্মীশ্রী তনুশ্রী শঙ্কর পাশাপাশি বসে একান্তে গল্প করছেন। সবথেকে বড় ব্যাপার, দুই শিল্পীই ঘোমটা দিয়ে আভিজাত্যে অটুট। যা বিরল এখনকার যে কোনও অনুষ্ঠানে।
কিছুদিন আগে মাদার'স ডে আবহে তনুশ্রী শঙ্কর কন্যা শ্রীনন্দা শঙ্কর, তাঁর মা ও রেখার এই বিরল ছবিটি সবার সঙ্গে ভাগ করে নেন নিজের ফেসবুক প্রোফাইলে। যা নস্টালজিক করে তুলেছে সবাইকে।

রেখা-তনুশ্রীর ছবি ফিরিয়ে দিল ৪০ বছর আগেকার 'হোপ ৮৬' জলসার স্মৃতি। তখন সিপিএম সরকারের জমানা। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীর উদ্যোগে কলকাতা আর বম্বের শিল্পীদের মিলিয়ে হয়েছিল এই অনুষ্ঠান। কলকাতা শহর ইতিহাস তৈরি করেছিল সারা বিশ্বের সামনে।
লতা মঙ্গেশকর, কিশোর কুমার, রেখা, অমিতাভ বচ্চন, শ্রীদেবী, মীনাক্ষী শেষাদ্রি, মিঠুন চক্রবর্তী থেকে বাংলার হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, আনন্দ শঙ্কর সহ টলিউডের এক ঝাঁক অভিনেতা, অভিনেত্রী উপস্থিত ছিলেন।
![]()
রেখা, শ্রীদেবী, মীনাক্ষী শেষাদ্রি তিন অভিনেত্রীকে একসঙ্গে দেখতে পেয়েছিল কলকাতাবাসী। শ্রীদেবী আর মীনাক্ষী সেদিন নাচ পারফর্ম করলেও, রেখা পারফর্ম করেননি।
তনুশ্রী শঙ্কর আর রেখার পাশাপাশি ছবিগুলি এই কলকাতা-বম্বে যুগলবন্দীর একটি স্মৃতিচিহ্ণ। সর্বোপরি, তনুশ্রী হলেন বিশ্ববরেণ্য উদয় শঙ্কর ও অমলা শঙ্করের পুত্রবধূ, আনন্দ শঙ্করের স্ত্রী। শুধু তাই নয়, অভিনেত্রী ও নৃত্যশিল্পী দুই সত্ত্বাতেই তনুশ্রী জনপ্রিয়। তাঁর ছবির সংখ্যা কম হলেও উত্তমকুমারের সঙ্গে 'দুই পৃথিবী' ছবি করে ফেলেছেন তনুশ্রী। আবার রেখাও বিখ্যাত অভিনেত্রী ও গুণী নৃত্যশিল্পী। রেখা ভীষণ ভাবে শঙ্কর ঘরানার নাচের ভক্ত ছিলেন।

এই অতীতের ছবি থেকে একটা ব্যাপার স্পষ্ট, আটের দশকে সেলিব্রিটিদের পোশাক কত মার্জিত ও আভিজাত্যপূর্ণ ছিল। যদিও অনুষ্ঠানটি শীতের রাতের। চাদর আর দোপাট্টায় মোড়া দুই শিল্পীর মুখ। তবু এভাবে ঘোমটা দিয়ে বসে থাকা এখনকার রুপোলি জগৎ ভাবতেই পারে না। ঘোমটা নারীর কোনও লজ্জাবস্ত্র নয়, বরং আভিজাত্যের প্রতীক। তা বুঝিয়ে দিলেন রেখা-তনুশ্রী।