শঙ্কর পরিবারে পদ্ম পুরস্কারের ধারাবাহিকতা কিন্তু আবহমান কাল ধরে চলে আসছে। উদয় শঙ্কর পেয়েছিলেন পদ্মবিভূষণ, অমলা শঙ্কর পদ্মভূষণ আর এবার মমতা শঙ্কর পেলেন পদ্মশ্রী। শুধু তাই নয়, রবি শঙ্কর পেয়েছিলেন ভারত রত্ন পুরস্কার।

পরনে সত্য সাইবাবার দেওয়া কাঞ্জিভরম। গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 28 May 2025 20:37
বাঙালিদের কাছে আজকের গর্বের খবর হল মমতা শঙ্করের 'পদ্মশ্রী' পুরস্কার প্রাপ্তি। তিনি যে পদ্মশ্রী পাচ্ছেন এ খবর তো ছিলই। গতকাল মঙ্গলবার পদ্মশ্রী নিজ হাতে ছুঁয়ে দেখলেন মমতা শঙ্কর। মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে তিনি পেলেন পদ্মশ্রী সম্মান। মমতা শঙ্করের সঙ্গে রয়েছেন তাঁর স্বামী চন্দ্রোদয় ঘোষ। এখন দু'জনে কলকাতা ফিরছেন পদ্মশ্রী হাতে। এ তো সকলের খুশির দিন। জীবন্ত কিংবদন্তি নৃত্যশিল্পী ও নায়িকা পদ্মশ্রী বিজয়িনী হয়ে শহরে ফিরছেন। এই গর্বের ফেরায় আজ মমতা শঙ্করের বাড়িতে কতটা উদযাপন হচ্ছে? কী ভাবে মমতা শঙ্করকে অভিবাদন জানাবেন তাঁর দুই ছেলে-বৌমারা? দ্য ওয়াল-এ আজকের প্রস্তুতির গল্প করলেন মমতা শঙ্করের বড় ছেলে-বড় বৌমা রাতুল শঙ্কর ঘোষ-সুদেষ্ণা শঙ্কর ঘোষ এবং ছোট ছেলে-ছোট বৌমা রাজিত শঙ্কর ঘোষ ও সৌরিতা শঙ্কর ঘোষ।


মমতা শঙ্করের বড় পুত্রবধূ সুদেষ্ণার কথায় 'মা সত্য সাইবাবার কাছ থেকে উপহার পাওয়া শাড়ি পরে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করলেন। সাই বাবা নিজ হাতেই মাকে এই কাঞ্জিভরম শাড়ি উপহার দিয়ে গিয়েছিলেন। দিদা অমলা শঙ্করকেও দিতেন বাবা। মা জীবনের বিশেষ দিনগুলো সবসময়ই সত্য সাইবাবার আশীর্বাদধন্য শাড়ি পরে যান। সাইবাবা ওঁনার জন্মদিনে একই ধরনের শাড়ি অনেকজনকে দিতেন।
মা-বাবার শরীর নিয়ে আমরা খুব সচেতন। দু'জনের হাঁটু এই বয়সে কম জোরি। রাষ্ট্রপতি ভবনে ৪৫টা সিঁড়ি তারপর ১৪টা সিঁড়ি ভেঙে মা-বাবাকে উঠতে হয়েছে দু'বার করে, দু'দিন ধরে। ওঁরা যে পেরেছেন সেটাই বিশাল বড় ব্যাপার।

আজকে আমাদের 'উদয়ন' বাড়িকে ফুল দিয়ে সাজিয়েছি আমরা। মা-বাবা রাতে ফিরে খুবই ক্লান্ত থাকবেন। তাই আজ একদম ঘরোয়া খাবার তৈরি হচ্ছে। পরে কোনও একটা দিন মায়ের এই পদ্মশ্রী প্রাপ্তির সেলিব্রেশন করব আমরা। আমি তো ভীষণ ভাগ্যবতী এমন একজন মহীয়সীকে মা রূপে পেয়ে।'

মমতা শঙ্করের ছোট ছেলে রাজিত লাইমলাইটের দূরে থাকতেই ভালবাসেন। বরং মায়ের নানা মুহূর্তের ছবি তুলতে রাজিত ভালবাসেন সবথেকে বেশি। কিন্তু আজ মায়ের গর্বে ছোট ছেলেও মায়ের কথা ভাগ করে নিলেন সবার সঙ্গে। রাজিত বললেন 'মাকে এতগুলো পুরস্কারে সম্মানিত হতে আমরা দুই ভাই ছোটবেলা থেকে দেখেছি, কিন্তু সেগুলো নিয়ে বড়াই করতে বা সেলিব্রেশন করতে মাকে কখনও দেখিনি। আর এই জন্যই মা সকলের থেকে স্বতন্ত্র।
এবার সকলের প্রশ্ন হল তোমার মা মমতা শঙ্কর পদ্মশ্রী পেলেন, তুমি কতটা গর্বিত? এখানে সকলের প্রশ্নের মধ্যেই আমার উত্তরটা খুব সহজ ভাবে লুকিয়ে আছে। মমতা শঙ্কর, দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত, আমার মা। এরথেকে আলাদা করে মাকে কখনও বুঝতেও পারিনি। মা এতটা সহজ সাধারণ ভাবে থাকেন সবসময় যাতে বুঝতেও পারিনি। মায়ের থেকে কী বড় অনুভূতি হতে পারে? যে কোনও মানুষ সারা জীবন একটা হীরেকে হাতে নিয়ে চোখ ঠেকিয়ে কাছ থেকে দেখলে , সে বুঝতেও পারবে না, তার হাতে কী মূল্যবান জিনিস আছে। কিন্তু ঐ হীরেকে একটু দূর থেকে দেখলে বোঝা যায় সে কতখানি মূল্যবান। আমার কাছেও মা তাই। মাকে যখন দূর থেকে দেখি, তখন বুঝতে পারি মাকে নিয়ে জনমানসে কতটা উন্মাদনা। তখন বুঝতে পারি এমন মহীরুহকে আমার মা রূপে পেয়েছি। তবে ঐ টুকুই, পরমুহূর্তে মমতা শঙ্কর, শুধুই আমার মা।'

মমতা শঙ্কর কিন্তু নাতি অন্তপ্রাণ। রাজিত আর সৌরিতার একমাত্র ছেলেও ঠাকুমার ভক্ত। ছোট পুত্রবধূ সৌরিতার কথায়, আজ মা আর বাবা কলকাতা ফিরছেন। আজ এয়ারপোর্টে নাতির হাত দিয়ে ফুলের তোড়া দিয়ে মাকে সুস্বাগতম জানাব আমরা। মা নিজেও কিন্তু আমাদের কাছে খুবই বাচ্চা। তাই বাড়ির সবথেকে ছোট বাচ্চার হাত দিয়ে বাড়ির বড় বেবিকে ওয়েলকাম জানাব আমরা। আমরা দুই বউ সত্যি ভাগ্যবতী এমন একজন কিংবদন্তি মানুষকে শাশুড়ি মা রূপে মেয়ে। উনি তো আমাদের নিজের মা-ই। মা সবার যত্ন করেন, কিন্তু নিজের যত্ন একদম করেন না। মাকে তো সাজের জিনিস, গয়না, শাড়ি সব আমাদের গুছিয়ে দিতে হয়। মা কোন উৎসবে আড়ম্বর একদম ভালবাসেন না। মা এত সাধারণ থাকতে ভালবাসেন, তাই কোন আড়ম্বর মা-র কাছে বেশিবেশি মনে হয়। মাকে দামি শাড়ি, গয়না পরাতে গেলেই কি বকা খাই। পদ্মশ্রী নিতে যাবার সময় মা বললেন সাই বাবার দেওয়া শাড়িটাই পরবেন। এই যে এতখানি সাই বাবার উপর মা-র বিশ্বাস, মায়ের এত সারল্য দেখে আমরা প্রতি মুহূর্তে শিখি।'

আজ পদ্মশ্রী বিজয়িনী মমতা শঙ্করের বাড়ির মেনু কী? ক্লান্ত হয়ে ফিরে খুবই হালকা খাবার খাবেন মমতা শঙ্কর। আজকে রাতের মেনু খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা। মমতা শঙ্কর এসবই ভালবাসেন খেতেন। ডিনারেও কোন আড়ম্বর তাঁর পছন্দ নয়। নিজের পদ্মশ্রী পুরস্কারকে বাবা উদয় শঙ্কর, মা অমলা শঙ্কর ও সত্য সাই বাবার চরণে উৎসর্গ করছেন মমতা শঙ্কর।