
প্রতীকী চিত্র
শেষ আপডেট: 29 May 2024 18:43
দ্য ওয়াল ব্যুরো: জীবনবিমা নিগমের মোট সম্পদের পরিমাণ ৫০ লক্ষ কোটি টাকা ছাড়াল। যা পাকিস্তানের গড় জাতীয় উৎপাদনের দ্বিগুণের কাছাকাছি। লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের আগে শেয়ার বাজারের উত্থানের কারণেই জীবনবিমা নিগমের নতুন প্রাণসঞ্চার হল বলে আর্থিক বিশেষজ্ঞদের অভিমত।
ভারতের জীবনবিমা নিগম ২৭ মে ২০২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিক আর্থিক হিসাব পেশ করেছে। শেয়ার বাজারের হিসাবে জীবনবিমার অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট বা এইউএম ১৬.৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার পরিমাণ ৫১,২১,৮৮৭ কোটি টাকা (৬১৬ বিলিয়ন মার্কিন ডলার)। এর আগের অর্থবর্ষে যা ছিল ৪৩,৯৭,২০৫ কোটি টাকা।
সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের গড় জাতীয় উৎপাদন হলে ৩৩৮.২৪ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার থেকে এই তথ্য জানা গিয়েছে। সেই হিসেবে জীবনবিমা নিগমের মোট সম্পদের পরিমাণ পাকিস্তানের জিডিপির প্রায় দ্বিগুণের কাছাকাছি।
জীবনবিমার এএউএম ভারতের তিন প্রতিবেশী দেশ পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার থেকে অনেক বেশি। এমনকী উন্নত দেশ যেমন ডেনমার্ক, ফিনল্যান্ড, সিঙ্গাপুর এবং হংকংয়ের থেকেও অনেক বেশি। ২০২৪ অর্থবর্ষে জীবনবিমার লাভের পরিমাণ ৪০,৬৭৬ কোটি টাকা। মোট প্রিমিয়াম আয় ৪,৭৫,০৭০ কোটি টাকা। পলিসি হোল্ডারদের বোনাস দিয়েছে ৫২,৯৫৫.৮৭ কোটি টাকা।