
শেষ আপডেট: 10 April 2024 12:01
দ্য ওয়াল ব্যুরো: বৈশাখ আসতে আর খুব বেশি দেরি নেই। তার পরেই শুরু হবে বিয়ের মরশুম। কিন্তু সোনার দাম দেখে মাথায় কার্যত বাজ পড়ার উপক্রম হয়েছে ক্রেতাদের। বিয়ের জন্য যাঁরা গয়না গড়িয়ে রাখবেন ভাবছিলেন তাঁদের মাথায় হাত। পছন্দসই গয়না গড়ানো তো দূর, ১০ গ্রাম সোনা কিনতেও হাতে ছ্যাঁকা লাগছে। পয়লা বৈশাখে সোনার দোকানের সেই চেনা ভিড় আর নেই। সামনেই অক্ষয় তৃতীয়া। সেদিনও সোনার দোকান ফাঁকাই থাকবে বলে মনে করা হচ্ছে।
হলুদ ধাতুর দামে গনগনে আঁচ। ছুঁলেই হাত পুড়িয়ে দিচ্ছে। এই প্রথম জিএসটি ছাড়াই সোনার দাম ৭০ হাজার টাকা ছাড়িয়ে গেছে। জিএসটি নিয়ে ৭২,২০৩ টাকা। সোমবার বাজার বন্ধ হওয়ার সময় এই দামই ছিল। আর আজ বুধবার ১০ গ্রাম পাকা সোনার দাম হয়েছে ৭২ হাজার ৬৫০ টাকা। ১০ গ্রাম হলমার্ক সোনা বিক্রি হচ্ছে ৬৯,০৫০ টাকায়। আর ১০ গ্রাম সোনার বাটের দাম ৭২,২৫০ টাকা। এর সঙ্গে জুড়েছে অতিরিক্ত জিএসটি চার্জ। সোনার দাম শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছবে তা বলা যাচ্ছে না এখনই।
বিশ্ব বাজারে দাম বৃদ্ধির প্রভাবে বেশ কিছু দিন ধরেই দেশে সোনার দাম চড়ছে। এত তাড়াতাড়ি খুচরো সোনা ৭০,০০০ টাকার মাইলফলক ছাড়িয়ে যাবে ভাবা যায়নি। সামনেই নববর্ষ, অক্ষয় তৃতীয়া রয়েছে। দাম বাড়ার কারণে এই সময় সোনার চাহিদা অনেকটা কমবে বলেই মনে করা হচ্ছে।
সোনার দোকানিরা বলছেন, বৈশাখের প্রথম দিনে বহু মানুষ নতুন গয়না কেনেন। সাধারণ রোজগেরেরা এই ভাবেই সঞ্চয় রাস্তায় হাঁটেন। সে জন্য তোড়জোড় শুরু হয় এই সময়। সেগুলির বরাত আসতে শুরু করে চৈত্রের শেষ থেকেই। কিন্তু এ বছর তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। বরাত প্রায় নেই বললেই চলে। তাই দুশ্চিন্তা যেমন বাড়ছে ক্রেতাদের, তেমনই স্বর্ণ ব্যবসায়ীদেরও। বিক্রিবাটার অপেক্ষায় দিন গুণছেন সোনার দোকানিরা।