
ট্রাম্পের শুল্কযুদ্ধ নীতির ঠেলায় টালমাটাল পরিস্থিতি হয়েছে দেশীয় স্টক এক্সচেঞ্জেও।
শেষ আপডেট: 1 April 2025 12:44
দ্য ওয়াল ব্যুরো: শেয়ার বাজারে ভূকম্প। নয়া অর্থবর্ষের প্রথম দিন, মঙ্গলবার ব্যাঙ্কিং ও আইটি স্টকের পতনে এক ধাক্কায় বিরাট পতন ঘটল বাজারে। বিশেষত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ নীতির ঠেলায় টালমাটাল পরিস্থিতি হয়েছে দেশীয় স্টক এক্সচেঞ্জেও। এদিন সর্বনিম্ন পয়েন্ট গিয়ে দাঁড়ায় বিএসই সেনসেক্সের ১২১৮ অথবা ১.৫৭ শতাংশ। অন্যদিকে, নিফটি ৫০-এর দর প্রায় ৩২৭ পয়েন্ট নেমেছে অর্থাৎ ১.৩৯ শতাংশ।
আইসিআইসিআই সিকিউরিটিজ জানিয়েছে, শুল্ক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনের মাশুল বদলে আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকের তিন সপ্তাহ ধরে বাজারে একটি অনিশ্চয়তার ছায়া ছিল। এর ফলে বাজারে উত্থানের হার অত্যন্ত কমে আসে।
ইনফোসিসের শেয়ার সব থেকে খারাপ ফল করে এদিন সকাল থেকে। প্রায় ২.৮৬ শতাংশ পতন ঘটে ১৫২৫ টাকায় নেমে এসেছে। অন্য আইটি সাম্রাজ্যের মধ্যে এইচসিএল টেক, টিসিএস এবং টেক মাহিন্দ্রার ২.৪ শতাংশ পতন ঘটেছে। বেসরকারি ব্যাঙ্কগুলিও কাঁপুনির প্রভাবে অনেকটাই ধসে পড়ে।
এইচডিএফসি ব্যাঙ্ক ও অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ারে পতন ঘটেছে প্রায় ২.৩ শতাংশ। পাশাপাশি ফিনান্সিয়াল স্টক যেমন বাজাজ ফাইনান্স এবং বাজার ফিনসার্ভের শেয়ারে ২ শতাংশ করে পতন ঘটে। সান ফার্মার ১.৭৬ শতাংশ কমে শেয়ারের দাম ১৭০৪ টাকায় নেমেছে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামিকাল, ২ এপ্রিলকে আমেরিকার স্বাধীনতা দিবস বলে ঘোষণা করেছেন। কারণ এইদিন থেকে বিভিন্ন দেশের উপর চাপছে চলেছে আমেরিকার অতিরিক্ত শুল্ক বদলা নীতি। যার জেরে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যে থরহরিকম্প দেখা দিয়েছে। যার প্রভাবে বিনিয়োগকারীদের মধ্যে একটি নেতি মনোভাব চলে এসেছে।