
শেষ আপডেট: 2 February 2024 16:20
দ্য ওয়াল ব্যুরো: পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপর বুধবার বড় নিষেধাজ্ঞা আরোপ করে রিজার্ভ ব্যাঙ্ক। এই ঘোষণার পর পেটিএম গ্রাহকরা স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে গেছেন। তাঁদের অ্যাকাউন্ট থাকবে কী থাকবে না, সেটাই বুঝতে পারছেন না। এই ব্যাপারে সুখবর দিলেন খোদ পেটিএম সংস্থা।
পেটিএমের সিইও বিজয় শেখর শর্মা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, এখন যেমন অ্যাপ চলছে, ২৯ তারিখের পর কোনও অসুবিধা ছাড়াই পেটিএম চলবে। এতে চিন্তার কোনও কারণ নেই। বিজয় জানিয়েছেন, যে কোনও সমস্যার সমাধান আছে আর তাঁরা সেই সমাধান সূত্রই খুব তাড়াতাড়ি খুঁজে বের করার চেষ্টা করছেন।
To every Paytmer,
— Vijay Shekhar Sharma (@vijayshekhar) February 2, 2024
Your favourite app is working, will keep working beyond 29 February as usual.
I with every Paytm team member salute you for your relentless support. For every challenge, there is a solution and we are sincerely committed to serve our nation in full…
আরবিআই জানিয়েছে, ২৯ ফেব্রুয়ারির পর পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ক্রেতাদের থেকে টপ-আপ বাবদ কোনও ডিপোজিট নিতে পারবে না। ওয়ালেট, ফাস্টট্যাগের লিঙ্ক অ্যাকাউন্টও চলবে না। যদিও পেটিএম সিইও-র দাবি, পেমেন্টস ব্যাঙ্কের উপর আরবিআই-এর নিষেধাজ্ঞার জেরে পেটিএম-এর ওপর কোনও প্রভাব পড়বে না।
এর আগে গত বছর মার্চ মাসে রিজার্ভ ব্যাঙ্ক এক নির্দেশে জানিয়ে দিয়েছিল যে, পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নতুন কোনও ক্রেতার অ্যাকাউন্ট খুলতে পারবে না। তার পরই এই নিষেধাজ্ঞা এল। কংগ্রেস আবার দাবি করেছে, চিনা যোগ আছে এই সংস্থার। ৩১ শতাংশ চিনা মালিকানা এবং ৭০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ রয়েছে পেটিএম-এ।