
শেষ আপডেট: 7 February 2024 11:23
দ্য ওয়াল ব্যুরো: রিজার্ভ ব্যাঙ্কের কড়া শাস্তির মুখে পড়ার পর প্রচণ্ড সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে পেটিএম। গ্রাহকরা কিছুটা মুখ ফিরিয়েছেন এই অনলাইন অ্যাপ থেকে যার দরুণ শেয়ার মার্কেটেও বড় ধাক্কা খেয়েছে সংস্থা। ৪০ শতাংশ শেয়ারের দাম পড়ে গেছে পেটিএমের। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক করেন সংস্থার সিইও বিজয় শেখর শর্মা। তাতে সমাধান সূত্র মেলেনি বলা যায়।
আরবিআই যে শাস্তি দিয়েছে, যে সিদ্ধান্ত নিয়েছে তাতে কেন্দ্রীয় সরকারের কোনও হাত নেই। তারা এই ব্যাপারে কিছুই করতে পারবে না। পেটিএম সংস্থার সিইওকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এমনটাই জানিয়েছেন। দুজনের মধ্যে মাত্র ১০ মিনিটের বৈঠক হয়। সূত্রের খবর, সরকার সংস্থার সিইওকে পরামর্শ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে।
২৯ ফেব্রুয়ারির পর পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ক্রেতাদের থেকে টপ-আপ বাবদ কোনও ডিপোজিট নিতে পারবে না। ওয়ালেট, ফাস্টট্যাগের লিঙ্ক অ্যাকাউন্টও চলবে না। আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে সংস্থার বিরুদ্ধে। সেই কারণেই এই শাস্তি দিয়েছে আরবিআই।
আরবিআই জানতে পেরেছিল যে, পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের হাজারের বেশি অ্যাকাউন্টের সঙ্গে একটিই মাত্র প্যান কার্ড লিঙ্ক করা। আর এইসব অ্যাকাউন্ট দিয়েই কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। এছাড়া সংস্থার তরফে যে যে তথ্য জমা দেওয়া হয়েছিল তাতেও অনেক গলদ আছে। রিজার্ভ ব্যাঙ্ক মনে করছে, এই সমস্ত অ্যাকাউন্ট দিয়ে কয়েক কোটি দুর্নীতির টাকা অন্যত্র সরানো হয়েছে।