
ফাইল চিত্র
শেষ আপডেট: 24 February 2025 09:29
দ্য ওয়াল ব্যুরো: অবসর নিতে চলেছেন চলতি বছর বা অবসর নিয়ে ফেলেছেন? সবে চাকরিতে ঢুকে অবসর পরবর্তী সময়ের কথা ভাবছেন? ব্যাঙ্কে তো টাকা রাখেন সকলেই। কিন্তু চাকরি না থাকা অবস্থাতেও মোটা টাকা আয় নিশ্চিত করতে ভারতের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (LIC) নিয়ে এল নতুন পেনশন প্ল্যান। ১৮ ফেব্রুয়ারি শুরু হল 'স্মার্ট পেনশন প্ল্যান'-এর যাত্রা।
ভারতের বহু মানুষের জন্য লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (LIC) বিশ্বস্ত বিনিয়োগের জায়গা। যদি সঠিক পরিকল্পনা করে এখানে বিনিয়োগ করা যায়, তাহলে ভবিষ্যৎ হবে নির্ভরযোগ্য ও সুরক্ষিত। এলআইসি বছরের বিভিন্ন সময়ে নানা স্কিম নিয়ে আসে, যা জানা থাকলে উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে লাভবান হওয়া সম্ভব।
এই স্মার্ট পেনশন প্ল্যানে বিনিয়োগ করলে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। হঠাৎ প্রয়োজন হলে, সম্পূর্ণ টাকা তুলে নেওয়ার সুবিধাও থাকছে।
প্ল্যানে বিনিয়োগ করতে পারবেন কারা, কত টাকাই বা রাখা যাবে?
বিনিয়োগের বয়সসীমা- ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত।
ন্যূনতম বিনিয়োগ- ১ লক্ষ টাকা।
বিনিয়োগ যত বেশি হবে, তত বেশি লাভবান হতে পারবেন।
আপনি চাইলে একা শুধুমাত্র নিজের জন্য বা একক কারও জন্য বিনিয়োগ করতে পারেন। চাইলে যৌথ নামেও বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে ধাপে ধাপে বিনিয়োগের সুবিধা থাকছে।
প্রতি মাসে ন্যূনতম ১,০০০ টাকা জমা দিতে পারেন
ত্রৈমাসিক (৩ মাস অন্তর) ন্যূনতম ৩,০০০ টাকা জমা করতে পারেন
৬ মাস অন্তর ন্যূনতম ৬,০০০ টাকা জমা করতে পারেন
বার্ষিক ন্যূনতম ১২,০০০ টাকা জমা করতে পারেন।
কীভাবে LIC স্মার্ট পেনশন প্ল্যানে আপনার নাম নথিভুক্ত করবেন?
এই পেনশন প্ল্যানের বিস্তারিত তথ্য LIC অফিস বা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। নিয়মাবলী দেখে যদি মনে করেন এটি আপনার জন্য উপযুক্ত, তাহলে অনলাইন বা অফলাইনে সহজেই নাম নথিভুক্ত করতে পারবেন। তবে, বিনিয়োগের আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করে নেবেন।