সংসদের ভিতরে-বাইরে বিরোধী দলগুলির মুখে কুলুপ আঁটা যাবে।
শেষ আপডেট: 18 February 2025 12:58
দ্য ওয়াল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে বসে অবৈধ বসবাসকারী ভারতীয়দের ফেরত পাঠাতে শুরু করলেও, তাঁরই অন্যতম উপদেষ্টা টেসলা মালিক ইলন মাস্ক এদেশে নতুন চাকরির নিয়োগের দরজা খুলে দিয়েছেন। আর তাতেই একঢিলে দুই পাখি মারার চেষ্টায় রয়েছেন দুই 'স্বঘোষিত বিশ্বগুরু' ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী।
প্রথমজনের প্রথম পাখিটি হলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। কারণ, বৈদ্যুতিক গাড়ির বাজারে এখন এশীয়, আরব, লাতিন এমনকী ইউরোপীয় বাজারেও কর্তৃ-ভূমিকা নিয়েছে লাল পতাকার দেশ। সেই অধিকার অনেকটাই খর্ব হবে ভারতের বাজার আমেরিকা ধরতে পারলে। দ্বিতীয় পাখিটি হল, ভারতের মতো দ্রুতগতিতে আর্থিক বৃদ্ধি ঘটা দেশে নয়া বাজার পত্তন করতে পারলে ট্রাম্পের পিছনে কাঁড়িকাঁড়ি টাকা ঢালা মাস্কের ঘরে বহুমূল্যের লাভের কড়ি তুলে দেওয়া।
অন্যদিকে, নরেন্দ্র মোদীর প্রথম মুনাফা হল ক্রমাগত চোখরাঙাতে থাকা চিনকে খানিক আর্থিক বেগ দিতে পারা। টেসলা ভারতে যদি বৈদ্যুতিক গাড়ি তৈরি করে, তাহলে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশেও এখান থেকে গাড়ি বাণিজ্য চালানোর সুবিধা হবে। শত্রুর শত্রু, আমার বন্ধু নীতিতে চলতে চান মোদী। অন্যদিকে, ইলন মাস্ক এখানে কোম্পানি খুললে বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়বে। যা দিয়ে নিদেনপক্ষে সংসদের ভিতরে-বাইরে বিরোধী দলগুলির মুখে কুলুপ আঁটা যাবে।
গতবছর ভারতে ইভি বিক্রির পরিমাণ ছিল ১০০,০০০ গাড়ি। যা চিনের তুলনায় কিছুই নয়। একই সময়ে চিনের ইভি বিক্রির পরিমাণ ১ কোটি ১০ লক্ষ গাড়ি। যেহেতু ভারত সরকার এখন দূষণমুক্ত জ্বালানির পক্ষে সওয়াল করছে এবং বৈদ্যুতিক গাড়ি কেনার বিভিন্ন লোভনীয় প্রস্তাব দিচ্ছে, তাই টেসলা ভারতের বাজারকে লাভজনক বলে ভাবছে।
টেসলা কোম্পানির তরফে লিঙ্কডিনে একটি চাকরির বিজ্ঞাপনে মুম্বই ও দিল্লি শহরের জন্য বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়েছে। অর্থাৎ, এতে বোঝা যাচ্ছে, নির্বাচনের আগে মাস্ক ও ট্রাম্পের দিক থেকে ভারতে ব্যবসার পুঁজি ঢালার যে সবুজ সংকেত দেখা যাচ্ছিল, তা সত্যি হতে চলেছে।
লিঙ্কডিন-এ বেশ কিছু পদে লোক চেয়ে টেসলা একটি পোস্ট করেছে। যার ফলেই ভারতের গাড়ির বাজারে অ্যান্টেনা খাড়া হয়ে গিয়েছে যে, এদেশের মাটিতে বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় খাতা খুলতে চলেছেন মাস্ক। ব্লুমবার্গ রিপোর্ট অনুযায়ী, ভারতে ১৩ রকমের চাকরির পদে লোক চাইছে টেসলা। এর মধ্যে সরাসরি বাজার ও গ্রাহক ধরার ময়দান অন্যদিকে অভ্যন্তরীণ ঝক্কি সামলানোর পদেও লোক চাইছে টেসলা। সুতরাং, বোঝাই যাচ্ছে যে, ভারতে ইভি তৈরির কারখানাও খোলার সম্ভাবনা তৈরি হতে পারে।
টেসলা সার্ভিস টেকনিসিয়ান্স, অ্যাডভাইজরি পদে লোক চেয়েছে। এই পদগুলির কর্মস্থল হবে মুম্বই ও দিল্লিতে। এছাড়াও কাস্টমার এনগেজমেন্ট ম্যানেজার, ডেলিভারি অপারেশন্স স্পেশালিস্ট পদে লোক নেওয়া হবে শুধুমাত্র মুম্বইয়ের জন্য। উল্লেখ্য, এর আগেও ভারতে টেসলা বিনিয়োগের উৎসাহ দেখিয়েছিল। কিন্তু ভারতের চড়া শুল্কনীতির কারণে তারা পিছিয়ে গিয়েছিল আগের কয়েকবার।