
শেষ আপডেট: 20 February 2025 18:02
দ্য ওয়াল ব্যুরো: বাজেট ঘোষণায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়ে দিয়েছেন, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনও করই দিতে হবে না। নতুন কর কাঠামোয় এই সুবিধা পাবেন ব্যক্তিগত করদাতারা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সঠিক কৌশল নিলে ১৪.৬৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়েও কোনও আয়কর দিতে হবে না। অর্থাৎ সঠিক কৌশল গ্রহণ করলে বেশি অর্থ সঞ্চয় করার সুযোগ রয়েছে। কীভাবে এটি সম্ভব? দেখা যাক—
Tax2win-এর সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা অভিষেক সোনি লাইভ মিন্টকে ব্যাখ্যা করে জানিয়েছেন, কীভাবে ১৪.৬৫ লক্ষ টাকা বার্ষিক বেতনের একজন চাকরিজীবী নতুন কর ব্যবস্থায় কর বাঁচাতে পারবেন।
বার্ষিক আয় (CTC): ১৪,৬৫,০০০ টাকা
মূল বেতন (CTC-এর ৫০%): ৭,৩২,৫০০ টাকা
ন্যাশনাল পেনশন স্কিম (NPS) নিয়োগকর্তার দেবেন (মূল বেতনের ১৪%): ১,০২,৫৫০ টাকা
কর্মচারী ভবিষ্য তহবিল (EPF) নিয়োগকর্তার দেবেন (মূল বেতনের ১২%): ৮৭,৯০০ টাকা
স্ট্যান্ডার্ড ডিডাকশন: ৭৫,০০০ টাকা
সর্বমোট করযোগ্য আয় হবে (উপরের ছাড় বাদ দিয়ে): ১১,৯৯,৫৫০ টাকা
এর ফলে, করযোগ্য আয় ১২ লক্ষ টাকার নীচে নেমে আসবে, ফলে নতুন কর কাঠামোর অধীনে কোনও আয়কর দিতে হবে না।
তবে মনে রাখতে হবে, এই সুবিধা পেতে হলে বেতন কাঠামোর মধ্যে NPS ও EPF অন্তর্ভুক্ত থাকতে হবে। শুধুমাত্র সংগঠিত ক্ষেত্রের চাকরিজীবীরা এই সুবিধা নিতে পারবেন।
স্ট্যান্ডার্ড ডিডাকশন: নতুন কর ব্যবস্থায় বেতনের উপর ₹৭৫,০০০ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
ন্যাশনাল পেনশন স্কিম (NPS): আয়কর আইন ৮০CCD(2) অনুযায়ী, NPS-এ মূল বেতনের ১৪% অবদান করমুক্ত।
কর্মচারী ভবিষ্য তহবিল (EPF): নিয়োগকর্তার দেওয়া মূল বেতনের ১২% অবদানও কর ছাড়ের আওতায় পড়ে।
• উঁচু হারে কর রিবেট: নতুন কর কাঠামোয় কর রিবেট সীমা ৭ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১২ লক্ষ টাকা করা হয়েছে, এর ফলে মাঝারি ও উচ্চ আয়ের চাকরিজীবীরা সুবিধা পাবেন।
• NPS বাবদ কর ছাড়: নতুন কর ব্যবস্থায় ৮০CCD(2) অনুযায়ী NPS-এ নিয়োগকর্তার অবদান ১৪% পর্যন্ত করমুক্ত (পুরনো ব্যবস্থায় ছিল ১০%)।
• EPF বাবদ ছাড়: মূল বেতনের ১২% পর্যন্ত নিয়োগকর্তার অবদান সম্পূর্ণ করমুক্ত।
তবে মনে রাখতে হবে, এটা একটি বিশেষজ্ঞের মত। আগামী অর্থবর্ষে আয়ের জন্য কোনও ব্যক্তি প্রকৃতপক্ষে কত ছাড় পাবেন, কত টাকা সাশ্রয় করতে পারবেন সে ব্যাপারে আরও সঠিক ভাবে জানতে ও বুঝতে কোনও ট্যাক্স কনসালট্যান্টের সঙ্গে আলোচনা করে নেওয়া ভাল।