
নিজস্ব ছবি
শেষ আপডেট: 31 January 2025 18:13
দ্য ওয়াল ব্যুরো: চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল (Bandhan Bank Q3 Result ) ঘোষণা করল বন্ধন ব্যাঙ্ক।ছ ব্যাঙ্কের মোট ব্যবসা ১৭% বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ২.৭৩ লক্ষ কোটি টাকায়। বর্তমানে ব্যাঙ্কের মোট আমানতের মধ্যে খুচরো আমানতের (রিটেল) পরিমাণ প্রায় ৬৯%।
তবে ব্যবসা বাড়লেও তৃতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের নিট মুনাফা ৪২% কমে দাঁড়িয়েছে ৪২৬ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাঙ্কের নিট মুনাফা ছিল ৭৩৩ কোটি। টাকা। অবশ্য সুদ বাবদ ব্যাঙ্কের নিট আয় (NII) ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে ২,৮৩০ কোটি টাকায় পৌঁছেছে, যা ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকে ছিল ২,৫২৫ কোটি টাকা। এই আয় বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১২%।
বন্ধন কর্তাদের মতে, গত ত্রৈমাসিকে ব্যাঙ্কের এই বৃদ্ধির মূল কারণ ছিল তিনটি—এক- ব্যবসার সম্প্রসারণ, দুই- দক্ষ পরিচালনা এবং সর্বোপরি অনুকূল বাজার তথা পরিবেশ। বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে প্রায় ৬,৩০০ ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে গ্রাহকদের পরিষেবা দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক। তাদের কর্মী সংখ্যা পৌঁছেছে ৭৮,৪০০-তে।
২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ব্যাঙ্কের আমানত খাত ২০% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১.৪১ লক্ষ কোটি টাকায়। অপরদিকে, ব্যাঙ্কের মোট ঋণের পরিমাণ হয়েছে ১.৩২ লক্ষ কোটি টাকা। মোট আমানতের মধ্যে চেকিং ও সঞ্চয়ী হিসাবের (CASA) অনুপাত ৩২%। ব্যাঙ্কের মূলধন পর্যাপ্ততার অনুপাত (CAR) বর্তমানে ১৬%, যা নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত সীমার তুলনায় বেশি।
ব্যাঙ্কের বৃদ্ধি প্রসঙ্গে, বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, "বন্ধন ব্যাঙ্ক বৃদ্ধির পথে রয়েছে। ব্যাঙ্কের ঝুঁকি নেওয়ার ক্ষমতা, নিয়মানুবর্তিতা ইত্যাদির ইতিবাচক প্রতিফলন দেখা যাচ্ছে তৃতীয় ত্রৈমাসিকের ফলাফলে। গ্রাহকদের আস্থা এবং কর্মীদের পরিশ্রমের উপর ভিত্তি করেই বন্ধন ব্যাঙ্ক এগিয়ে চলেছে। ঋণ বিতরণে বৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবন ও সুষ্ঠু পরিচালন ব্যবস্থার মাধ্যমে ‘বন্ধন ব্যাঙ্ক ২.০’-এর লক্ষ্যে আমরা প্রত্যয়ী।"
বন্ধন ব্যাঙ্ক তাদের সম্পদের বহুমুখীকরণের ওপর জোর দিচ্ছে এবং খুচরো ঋণ খাতের সম্প্রসারণকে অগ্রাধিকার দিচ্ছে। ডিজিটাল পরিষেবার সম্প্রসারণের মাধ্যমে ব্যাঙ্কের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি গ্রাহক অভিজ্ঞতাও উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পার্থ প্রতিম সেনগুপ্ত।