প্রধানমন্ত্রীর মতে, ইকোনমিক সার্ভে ২০২৬-এ দেওয়া বিশ্লেষণ ও পরামর্শ আগামী দিনে তথ্যভিত্তিক নীতি নির্ধারণে সহায়ক হবে এবং ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারী ও সাধারণ মানুষের আস্থা আরও মজবুত করবে।

শেষ আপডেট: 29 January 2026 21:40
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূ-রাজনৈতিক টানাপোড়েন ও বাজারের অস্থিরতার মাঝেও আর্থিক সমীক্ষা (Economic Survey 2026) ভারতের অর্থনৈতিক অগ্রগতির একটি স্পষ্ট ও ইতিবাচক ছবি তুলে ধরেছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর কথায়, এই সমীক্ষা ভারতের ‘রিফর্ম এক্সপ্রেস’-এর ধারাবাহিক অগ্রগতিকে তুলে ধরেছে এবং দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিতের প্রতিফলন ঘটিয়েছে।
বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ‘ইকোনমিক সার্ভে ২০২৬’ পেশ করেন। সাধারণত কেন্দ্রীয় বাজেটের (Budget 2026) আগেই প্রকাশিত হয় এই বার্ষিক সমীক্ষা, যা দেশের অর্থনৈতিক স্বাস্থ্য ও ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে দিকনির্দেশ দেয়।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের একটি পোস্ট শেয়ার করে এক্স (প্রাক্তন টুইটার)-এ প্রধানমন্ত্রী লেখেন, “আজ সংসদে পেশ হওয়া ইকোনমিক সার্ভে ভারতের সংস্কারযাত্রার একটি সামগ্রিক ছবি তুলে ধরেছে। কঠিন বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও দেশের স্থির অগ্রগতি, শক্তিশালী ম্যাক্রো অর্থনৈতিক ভিত, টেকসই বৃদ্ধির গতি এবং দেশগঠনে উদ্ভাবন, উদ্যোগ ও পরিকাঠামোর ক্রমবর্ধমান ভূমিকা এতে স্পষ্ট।”
The Economic Survey tabled today presents a comprehensive picture of India’s Reform Express, reflecting steady progress in a challenging global environment.
It highlights strong macroeconomic fundamentals, sustained growth momentum and the expanding role of innovation,… https://t.co/ih9ArrtZcU— Narendra Modi (@narendramodi) January 29, 2026
প্রধানমন্ত্রী আরও বলেন, “এই সমীক্ষায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে—বিশেষ করে কৃষক, এমএসএমই (MSME), যুব কর্মসংস্থান ও সামাজিক কল্যাণের ক্ষেত্রে নজর দিয়েছে সমীক্ষা। পাশাপাশি উৎপাদন ক্ষেত্রকে শক্তিশালী করা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার একটি স্পষ্ট রোডম্যাপও তুলে ধরা হয়েছে।”
কী এই ইকোনমিক সার্ভে? (Economic Survey 2026)
ইকোনমিক সার্ভে হল কেন্দ্র সরকারের একটি বার্ষিক প্রতিবেদন, যেখানে দেশের অর্থনীতির সার্বিক চিত্র বিশ্লেষণ করা হয়। এতে আগের অর্থবর্ষের পারফরম্যান্স, আসন্ন বছরের সম্ভাবনা, বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির পূর্বাভাস, কর্মসংস্থান, বাণিজ্য এবং সামগ্রিক আর্থিক স্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা থাকে। নীতিনির্ধারকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশক দলিল বলেই মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
প্রধানমন্ত্রীর মতে, ইকোনমিক সার্ভে ২০২৬-এ দেওয়া বিশ্লেষণ ও পরামর্শ আগামী দিনে তথ্যভিত্তিক নীতি নির্ধারণে সহায়ক হবে এবং ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারী ও সাধারণ মানুষের আস্থা আরও মজবুত করবে।