
শেষ আপডেট: 15 April 2025 15:18
দ্য ওয়াল ব্যুরো: বাঙালিয়ানা নিয়ে বছরের আর পাঁচটা দিন তেমন মাথাব্যথা না থাকলেও নববর্ষে নিজের সংস্কৃতি আঁকড়ে ধরতে আপ্রাণ চেষ্টা করে বাঙালি। তার প্রমাণ নন্দন-রবীন্দ্রসদন চত্বরে গেলে বা ইনস্টাগ্রামে উঁকি মারলে পাওয়া যাবে যথাযথ। এই বাঙালিয়ানা বজায় রেখেই এবার সাজগোজ হোক একটু অন্যরকম। কীভাবে স্টাইলিং করবেন? কেমন পোশাক পরতে পারেন, কী রঙই বা বেছে নেবেন? রইল টিপস।
শাড়ি হোক প্রথম পছন্দ
নববর্ষ আর বাঙালি তরুণীরা শাড়ি পরবেন না তা কেমন করে হয়। শাড়িই পরুন কিন্তু অন্যরকমভাবে। চিরাচরিত সুতির শাড়ি তো পরা হয়েই থাকে। এবার পরতে পারেন সিফন, লিনেন, জর্জেট, স্যাটিন। গরমে ভাল কোনও সিল্কও পরতে পারেন। এবার শাড়ি একঘেয়ে ভাবে না পরে আঁচল একটু অন্যভাবে স্টাইলিং করুন। আঁচলে কাঁধের অংশটা বেঁধে নিতে পারেন, স্কার্ফের মতো আঁচল গলায় নিয়ে নিতে পারেন। সামনে থেকে আঁচল না দিয়ে একটু লম্বা কোনও টপের সঙ্গে পিছনের দিক থেকে আঁচল সামনে আনতে পারেন। এতে একঘেয়ে লাগবে না, সকলের নজরও যাবে আপনার দিকেই।
পাঞ্জাবি তো সবসময়ই ফ্যাশনে ইন
একঘেয়ে ফেব্রিকের বা জমকালো পাঞ্জাবি না পরে সিল্কের পাঞ্জাবি পরতে পারেন। সেল্ফে কাজ করা পাঞ্জাবি বেছে নিতে পারেন, দেখতে দুর্দান্ত লাগবে। এছাড়াও ইক্কত, কলমকারি, বাগরু প্রিন্টের কিছুও পরতে পারেন। সিল্ক তো হাতে রয়েছেই। গরমে তসরের পাঞ্জাবি মন্দ লাগবে না।
কুর্তা-পাজামা
না টোনি কক্করের গানের মতো কালো কুর্তা-পাজামা পয়লা বৈশাখে পরতে হবে না। এমন চিরাচরিত পাজামার সঙ্গে একটা হাঁটু পর্যন্ত পাঞ্জাবি পরতে পারেন। কুর্তায় কাট ওয়ার্ক, অ্যাপ্লিক ইত্যাদি ডিসাইন অ্যাড করতে পারেন। আর ডিসাইনার পিস হলে তো আর কথাই নেই। নিজের মতো করে সেজে নিন এই বিশেষ দিনে।
শাড়ি ছাড়া বাকি যা কিছু...
শাড়ি পরতে বিরক্ত লাগলে বা পরতে অস্বস্তি হলে ফ্রক তো আছেই। বিভিন্ন ডিসাইনের ফ্লেয়ার্ড ফ্রক রয়েছে, পরতে পারেন। এছাড়াও ইক্কতের চুড়িদার, প্লাজো-ক্রপ টপ বা কো-অর্ড সেট বেছে নিতে পারেন।
এবার পয়লা বৈশাখ মানেই একটা ধরা-বাঁধা রং হল লাল-সাদা বা লাল-হলুদ। এটা তো সবাই পরবে। আপনি পরুন অন্যরকম রঙের কিছু। যেমন গ্রে-মেরুন, পেস্তা গ্রিন-গ্রে, সাদার সঙ্গে যেকোনও রঙ, একই রঙের দুটো শেডের কিছু। কমলা-হলুদ, গ্রে-নীল। এমনভাবে নিজের ইচ্ছে মতো রং বেছে নিন। আয়নায় নিজেকে দেখুন, ভাল লাগলে সেটাই আপনার কাছে নববর্ষের বেস্ট কমপ্লিমেন্ট।