
জয় বাংলা স্লোগান
শেষ আপডেট: 2 December 2024 18:54
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত আর একটি ঐতিহাসিক বিষয় মুছে দিতে চায় মহম্মদ ইউনুসের সরকার। এবার সরকারের নিশানায় জয় বাংলা স্লোগান। সোমবার বাংলাদেশ সরকারের তরফে হাই কোর্টে আর্জি জানানো হয়, জয় বাংলা-কে জাতীয় স্লোগান ঘোষণা করে যে রায় দেওয়া হয়েছিল তা বাতিল করা হোক।
জয় বাংলা ছিল শেখ মুজিবুর রহমানের দেওয়া স্লোগান যা বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রেরণার কাজ করেছিল। সেই স্লোগানে ইউনুস সরকারের কেন আপত্তি তা স্পষ্ট নয়। তবে অনেকে মনে করছেন, মুজিবের স্মৃতি জড়িত বলেই স্লোগানটি বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মনে করা হচ্ছে।
তাছাড়া, এই সিদ্ধান্তের পিছনে বিএনপি এবং জামাত-ই-ইসলামির ইন্ধন থাকা অসম্ভব নয়। বিএনপির প্রতিষ্ঠাতা সাবের সেনা নায়ক তথা প্রাক্তন রাষ্ট্রপতি জেনালেন জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুরের অবদান মুছে দিতে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদকে ঊর্ধ্বে তুলে ধরেছিলেন। অন্যদিকে, জামাত বাংলাদেশের স্বাধীনতারই বিপক্ষে ছিল। ফলে মুক্তিযুদ্ধের সময় থেকেই তারা জয়বাংলা স্লোগানের বিরোধিতা করেছে।
এর আগে ইউনুস সরকার ১৫ অগাস্টের ছুটি বাতিল করেছে। ওই দিনটি জাতীয় শোক দিবস পালন করত আগের সরকার। অন্তর্বর্তী সরকার দিনটি পালনও করেনি। দিন দশ আগে বাংলাদেশ সরকার আর একটি মামলায় সংবিধানের প্রস্তাবনা থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ ও ‘সমাজতান্ত্রিক’ শব্দ দুটি বাতিল করার আর্জি জানিয়েছে হাই কোর্টে।
২০০৮ সালে হাই কোর্টই ‘জয় বাংলা’-কে বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছিল। সেই থেকে বাংলাদেশ সরকারের নথিপত্রে জয় বাংলা লেখা থাকে। সরকারি মঞ্চে বক্তারা জয় বাংলা স্লোগান দিয়ে ভাষণ শেষ করতেন।