আগামী বছর রমজান মাস শুরুর আগে সে দেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে দেশটির নির্বাচন কমিশন। সেই মতো রবিবার ভোটার তালিকা সংশোধনের পর বুথে বুথে খসড়া তালিকা প্রকাশ করেছে কমিশন।

শেষ আপডেট: 10 August 2025 17:26
দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকা সংশোধন ঘিরে বিতর্ক শুরু হল বাংলাদেশেও। আগামী বছর রমজান মাস শুরুর আগে সে দেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে দেশটির নির্বাচন কমিশন। সেই মতো রবিবার ভোটার তালিকা সংশোধনের পর বুথে বুথে খসড়া তালিকা প্রকাশ করেছে কমিশন। (Bangladesh Election)
কমিশনের তরফে জানানো হয়েছে তালিকা থেকে ২১ লাখ ভোটারের নাম বাদ গেছে। যোগ হয়েছে ৪৫ লাখের নাম। দুটি সংখ্যাই ২০২৪-এ অনুষ্ঠিত দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনের করা সংশোধনীর তুলনায় অনেকটাই কম।
সে বছর নতুন ভোটার যুক্ত হয়েছিল ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জন। বাদ যায় ২২ লাখ ৯ হাজারের নাম। ফলে সব মিলিয়ে ভোটার বেড়েছিল ৫৭ লাখ ৭৪ হাজার ১৪৮ জন।
এবার তালিকা সংশোধনের পর মোট ভোটারের সংখ্যা দাড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ। কিন্তু নতুন ভোটার সংযোজন অস্বাভাবিক হারে কমে গিয়েছে। আগের বারের তুলনায় তা ১২ লাখ কম।
আওয়ামী লিগ নেতৃত্ব এবং ভোট সংশ্লিষ্ট মহলের মতে, সাবেক শাসক দলের শুধু নেতা মন্ত্রীরাই নন, ওই পার্টির বহু কর্মী সমর্থক এবার ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পায়নি দুটি কারণে। অনেকেই এলাকাছাড়া। বাড়ি বাড়ি গিয়ে তাদের সন্ধান না মেলায় তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় কারণ, অনেকেই বুথে গিয়ে কাগজপত্র জমা করার সুযোগ পায়নি।
আওয়ামী লিগের (Awami Leauge) এক নেতার কথায়, নীচুতলায় তালিকা সংশোধনের কাছে বিএনপি ও জামাতের লোকজনকে যুক্ত করা হয়। তারা আওয়ামী লিগ সমর্থকদের নাম বাদ দিয়েছে। অন্যদিকে, ওই দলের সমর্থকদের নাম তুলতে বাধা দিয়েছে।
এ বছর ১২ মে থেকে আওয়ামী লিগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন বাতিল করে দিয়েছে। এই পরিস্থিতিতে আওয়ামী লিগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই্। তারপরও ঝুঁকি না নিয়ে ওই দলের ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। নাম তুলতেও বাধা দেওয়া হয়েছে।