
ফাইল ছবি।
শেষ আপডেট: 24 February 2025 21:14
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) রংপুরে (Rangpur) সোমবার বিকালে এক সংঘর্ষের (clash) ঘটনায় ৫০ জন আহত হয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুতর। পুলিশ ও সেনাবাহিনী ( Bangladesh army) পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়।
সংঘর্ষের ঘটনাটি ঘটে রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের সিদাম গ্রামে। ওই গ্রামে হিজব উত তাহরীর (Hizb ut-Tahrir) বিভাগীয় সম্মেলনের আয়োজন করা হয়েছিল সংগঠনের এক নেতার বাড়িতে।
তিনি হিজব উত তাহেরীর রংপুর বিভাগীয় প্রধান আব্দুল কুদ্দুস শামীম। গ্রামে নিষিদ্ধ সংগঠন হিজব উত তাহরীর সম্মেলন হচ্ছে জানতে পেরে এলাকাবাসী ওই নেতার বাড়িতে হামলা করে। ভাঙচুরের পর তাঁর পাঁচটি ঘরে আগুন ধরিয়ে দেয়।
ওই নেতার ভাই আমিরুল ইসলামসহ আরও পাঁচজনের বাড়িতে হামলা চালায় গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে, প্রায় দু ঘন্টা ধরে সংঘর্ষ চলে। আহতদের অনেকের শরীরে ধারালো অস্ত্র ও গুলির আঘাত রয়েছে। সংঘর্ষে দেদার বোমা ছোড়াছুড়ি হয়, গুলি চলে।
হিজবুত উত তাহেরীর বাংলাদেশে ২০০৯ সাল থেকে নিষিদ্ধ। ভারত-সহ বিশ্বের বহু দেশেও সংগঠনটি নিষিদ্ধ। ইসলামিক শাসন কায়েমের কথা প্রচার করা সংগঠনটির বিরুদ্ধে বাংলাদেশে জঙ্গি নাশকতার অভিযোগ রয়েছে। নিষিদ্ধ ওই সংগঠনের তরফে দাবি করা হয় তারা নাম পরিচয় গোপন রেখে শেখ হাসিনাকে উৎখাতের অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। হাসিনা সরকারই ওই সংগঠনকে নিষিদ্ধ করেছিল।
পুলিশ জানিয়েছে, হিজবুত নেতা আব্দুস কুদ্দুস শামীমকে বলা হয়েছিল গ্রামে সন্মেলন না করতে। সে কথায় কান না দিয়ে তিনি অস্ত্রধারী অনুগামীদের হাজির করেন। তাতে উত্তেজিত গ্রামবাসী তাঁর বাড়িতে চড়াও হয়।
গ্রামে উগ্র ইসলামপন্থীদের নিষিদ্ধ সংগঠনের সম্মেলন হওয়ায় আপত্তি করে স্থানীয় মসজিদ কমিটি। তাতেও কাজ না হওয়ায় নমাজের পর মসজিদ থেকে গ্রামে ডাকাত হামলার কথা প্রচার করা হয়। তারপর উত্তেজিত গ্রামবাসী দলবদ্ধ হয়ে হামলা চালায়।
পাল্টা হামলা চালায় শামীমের লোকজন। দু পক্ষের সংঘর্ষ এক কিলোমিটার এলাকা ছড়িয়ে পড়ে৷ নিষিদ্ধ সংগঠন হিজবুত কীভাবে গ্রামে প্রকাশ্যে সম্মেলন করার সাহস দেখালো তা নিয়ে প্রশ্ন উঠেছে। গ্রামবাসীদের বক্তব্য, পুলিশ আগেই সম্মেলন বাতিল করলে পরিস্থিতি এই জায়গায় যেত না।