
শেষ আপডেট: 21 January 2024 13:17
দ্য ওয়াল ব্যুরো: নায়ক-প্রযোজক হিসেবে আগেই খ্যাতির চূড়ায় পৌঁছেছেন তিনি। অর্জন করেছেন সুপারস্টারের তকমা। এবার নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলেন শাকিব খান।
কর্পোরেট জগতের ব্যবসায়ী হিসেবেও দেখা যাবে বাংলাদেশি সিনেমার এই রাজকুমারকে।
নাহ্, হেঁয়ালি নয়, শনিবার থেকে রিমার্ক এইচবি নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরিচালক হয়েছেন শাকিব। এই সংস্থা বিশ্বমানের স্কিনকেয়ার, কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউম-সহ নানান পণ্য তৈরি করে।
সংশ্লিষ্ট সংস্কার দাবি, শুধু বাংলাদেশ নয়, শাকিব খানের এই কোম্পানির পণ্য পাওয়া যাবে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, ইউরোপ-সহ বিশ্বের বিভিন্ন দেশে।
আচমকা স্কিনকেয়ার, কসমেটিক্স এর মতো ব্যবসায় কেন?
রিমার্ক এইচবি-র পরিচালক শাকিব খান বলেন, "স্কিন আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গার। স্কিনের যত্নে, আমরা বিভিন্ন সময় নানান রং ফর্সাকারি ক্রিম ও অন্যান্য প্রসাধনী ব্যবহার করি। সেই পণ্যগুলো যদি হয় ভেজাল, তা আমাদের জন্য হয়ে দাঁড়ায় ভীষণ ক্ষতিকর। তাই এই উদ্যোগ।"
চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব। তাঁর দাবি, " রিমার্ক হবে বাংলাদেশের প্রথম মডেল ইন্ডাস্ট্রি যার মাধ্যমে পৃথিবীর বুকে বাংলাদেশ নতুন করে জায়গা করে নেবে। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে বিশ্বমানের পণ্য তৈরি করা হবে। এর ফলে মানুষের যেমন উপকারে আসবে তেমন তৈরি হবে প্রচুর কর্ম সংস্থান।"
তিনি আরও জানান, সারা দেশের সব ধরনের মানুষের সকল প্রকার প্রয়োজনীয় পণ্য আরও সহজলভ্য করতেই দেশের বিভিন্ন স্থানে তাদের প্রতিষ্ঠানের নিত্যনতুন শোরুম উদ্বোধন হচ্ছে। দেশজুড়ে এখন পর্যন্ত মোট ৪০ টিরও বেশি আউটলেট রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে কমপক্ষে এক হাজার শোরুম নিয়ে মানুষের কাছে পৌঁছে যাবে এই কসমেটিকস পণ্য সংস্থা।