বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মহম্মদ ইব্রাহিম ভূঁইয়া বুধবার এক নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাতে বলা হয়েছে, মহম্মদ তারিকুল ইসলাম ভূঁইয়া গত বছর নভেম্বরে কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাসের প্রথম সচিব (প্রেস) পদে যোগদানের পর ভারতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে সফল হয়েছেন।

শেষ আপডেট: 12 November 2025 15:02
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব মহম্মদ তারিকুল ইসলাম ভূঁইয়ার ওই পদে দায়িত্ব পালনের মেয়াদ বৃদ্ধি করা হল। আরো এক বছর তিনি উপ-হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) পদে দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মহম্মদ ইব্রাহিম ভূঁইয়া বুধবার এক নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাতে বলা হয়েছে, মহম্মদ তারিকুল ইসলাম ভূঁইয়া গত বছর নভেম্বরে কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাসের প্রথম সচিব (প্রেস) পদে যোগদানের পর ভারতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে সফল হয়েছেন। পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিক ও সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছেন। তাঁর এই সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রেস সচিব পদে মেয়াদ বৃদ্ধি করা হল।
তিনি তারিক চয়ন নামেই বেশি পরিচিত। এই পদে যোগদানের আগে তিনি বাংলাদেশের একজন নামজাদা সাংবাদিক ছিলেন। কূটনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক সাংবাদিকতায় বিশেষ পারদর্শী তারিক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের অত্যন্ত ঘনিষ্ঠ ও স্নেহভাজন। কলকাতায় এসে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রদেশের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের কাজ করে চলেছেন। তাঁর এই কাজের প্রতি সম্মান জানিয়ে এপারের বেশ কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যেই তাঁকে পুরস্কৃত করেছে। বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি এবং অসাম্প্রদায়িকতার নানা দৃষ্টান্ত এপারের মানুষের সামনে তুলে ধরছেন তিনি। কিছুদিন আগে তিনি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড, ২০২৫ অর্জন করেছেন। ১৪ অক্টোবর দ্য ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস (আইইএ) মালয়েশিয়া কুয়ালালামপুরের লিংকন ইউনিভার্সিটি কলেজে অনুষ্ঠানের আয়োজন করেছিল। বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানটি ছিল অনুষ্ঠানের আয়োজক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপটিমেজ গ্লোবালের সহ-প্রতিষ্ঠাতা এবং পরিচালক আনুজা আচার্য। প্রধান অতিথি হিসেবে ছিলেন লিংকন ইউনিভার্সিটি কলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো (অ্যাম্বাসেডর) ড. মোহদ ইউসফ এ. বাকর। মোট ১১টি দেশের বিশিষ্ট যুব আইকন, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক ব্যক্তিত্বদের মধ্যে ২২ জনকে এবছর পুরস্কৃত করা হয়েছে। শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, সমাজসেবা ও উদ্ভাবন খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়।