খালেদা জিয়ার মৃত্যুতে দল সাতদিন ব্যাপী শোক পালনের যে কর্মসূচি নিয়েছে তা শেষ হবে ৫ জানুয়ারি।

তারেক জিয়া।
শেষ আপডেট: 3 January 2026 10:31
দ্য ওয়াল ব্যুরো: খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ার পর থেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন তাঁর পুত্র তারেক জিয়া। খালেদার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই বিএনপি চেয়ারম্যান এখন তারেক। কিন্তু সরকারিভাবে দল তারেক জিয়ার বিএনপি চেয়ারম্যান হওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেনি। নির্বাচনের পর এই ব্যাপারে দলের কাউন্সিল বৈঠকে তারেককে চেয়ারম্যান ঘোষণা করার সিদ্ধান্ত পাশ করানোর পরিকল্পনা ছিল বিএনপির। তারেক জিয়াও চাইছেন না শোকের আবহে মায়ের শূন্য পদে বসতে।
কিন্তু নির্বাচন সংক্রান্ত একটি বিধির কারণে ৫ জানুয়ারির পর তারেক জিয়াকে সরকারিভাবে দলের চেয়ারম্যান ঘোষণা করার উদ্যোগ নিয়েছে বিএনপি। খালেদা জিয়ার মৃত্যুতে দল সাতদিন ব্যাপী শোক পালনের যে কর্মসূচি নিয়েছে তা শেষ হবে ৫ জানুয়ারি।
বাংলাদেশের নির্বাচন কমিশনের বিধিতে বলা আছে প্রার্থীরা শুধুমাত্র দলীয় সভাপতির প্রোফাইল অর্থাৎ মুখমণ্ডলের ছবি, ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন ছাপাতে পারবেন। তবে কোন পোস্টার ছাপানো যাবে না। এছাড়া বলা হয়েছে দলীয় প্রধানের বক্তৃতারত বা কোন সরকারি বেসরকারি অনুষ্ঠান মঞ্চে উপস্থিতির ছবিও প্রচার করা যাবে না।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর এখন দলের প্রার্থীরা প্রচারে প্রয়াত নেত্রীর ছবি লিফলেট, হ্যান্ড বিল ব্যানারে ছাপতে পারবেন না। যদিও খালেদার মৃত্যুর মাসখানেক আগে বিএনপি অধিকাংশ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল। খালেদার ছবি-সহ লিফলেট, ব্যানার তারা ছাপিয়ে ফেলেছেন। সেগুলি ব্যবহার করা যাবে না।
নির্বাচন কমিশনকে ২১ জানুয়ারির আগে জানাতে হবে বিএনপি'র চেয়ারম্যান কে! ওইদিন থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু হবে।
তারেক জিয়া বহুদিন ধরেই কার্যনির্বাহী চেয়ারম্যান হিসেবে বিএনপি'র সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করে আসছেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের মৃত্যুর পর কার্যনির্বাহী চেয়ারম্যান সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। কিন্তু খালেদা পুত্র চাইছিলেন না এখনই এই ব্যাপারে সরকারিভাবে সিদ্ধান্ত ঘোষণা করা হোক।