মূলধারার সাংবাদিকতায় ফিরলেন কবির, বাংলাদেশের দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক পদে দায়িত্ব নিলেন তিনি। বিএনপি মিডিয়া সেলের সদস্য হিসেবেও পরিচিত শায়রুলের এই ভূমিকা নতুন আলোচনা তৈরি করেছে।

শেষ আপডেট: 20 February 2026 00:00
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের জনপ্রিয় দৈনিক সংবাদপত্র 'সময়ের আলো'র সাংবাদিক লেখক ও তথ্যচিত্র নির্মাতা শায়রুল কবির খান। তিনি একইসঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য। খালেদা জিয়া এবং তারেক রহমান, দু'জনের সময়েই দলে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন বিএনপি'র এই নেতা। দলীয় সতীর্থদের অনেকেই যাকে পার্টির নীরব সৈনিক বলে উল্লেখ করে থাকে। নিষ্ঠাবান পরিচ্ছন্ন ভাবমূর্তির এই নেতা মিডিয়া সেলের কাজের সুবাদে দেশি-বিদেশি মিডিয়া ও সাংবাদিকদের কাছে অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি।
বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ধানমণ্ডিতে পত্রিকাটির মালিক-প্রতিষ্ঠান আমিন মহম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মহম্মদ রমজানুল হক নিহাদ তাঁকে পত্রিকার নতুন দায়িত্বে নিযুক্ত করেন।
বিকালে বাংলামোটর এলাকায় সময়ের আলো কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। সময়ের আলো'র ভারপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ করিমসহ পত্রিকাটির বিভিন্ন বিভাগের কর্মী-সাংবাদিকেরা উপস্থিত থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করেন।
দৈনিক দিনকালের প্রথমে আটপাড়া, পরে নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন শায়রুল কবির খান। সাংবাদিকতার পাশাপাশি বিএনপির সংগঠনেও ছিলেন সমান মনোযোগী। তিনি নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য।
নতুন দায়িত্ব বিষয়ে তাঁর বক্তব্য, ‘আমি লেখালেখি; দলের ও দেশের স্বার্থে গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গেই বেশি মনোযোগী অসম্পৃক্ত থাকতে চাই।’
বিগত বহু বছর তিনি বিএনপির মিডিয়াসের এবং দলের চেয়ারম্যানের মিডিয়া উইংয়ের গুরুত্বপূর্ণ সদস্য। এর পাশাপাশি সংবাদমাধ্যমে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে সুনাম কুড়িয়েছেন তিনি।
শায়রুল কবির খান মুক্তিযুদ্ধ নিয়ে একটি প্রামান্য চলচ্চিত্রে তিনি পরিকল্পনা ও পরিচালনা করেছেন। সাবেক প্রধানমন্ত্রী সদ্যপ্রয়াত বিএনপি নেত্রী খালেদা জিয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেই চলচ্চিত্র উদ্বোধন করেছিলেন। পরে বাংলাদেশ টেলিভিশনে সেটি প্রচারিত হয়।
তাঁর ঘনিষ্ঠরা বলছেন, নিয়মিত লেখালেখি, গান, গবেষণার পাশাপাশি আবারও সক্রিয় সাংবাদিকতায় ফিরলেন শায়রুল কবির খান।