আদালত অবমাননার মামলায় বৃহস্পতিবার তিনি হাজির না হওয়ায় আদালত বৃহস্পতিবার একজন আদালত সহায়ক বা 'অ্যামিকাস কিউরি' নিয়োগ করে।

শেষ আপডেট: 19 June 2025 16:49
দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনাকে (Sheikh Hasina) এবার আগামী ২৫ জুন হাজির হতে নির্দেশ দিল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (International Crime Tribunal, Dhaka)। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি আদালত অবমাননার মামলায় বৃহস্পতিবার এই রায় দেন ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।
প্রসঙ্গত, এই ট্রাইব্যুনালেই আর এক মামলায় হাসিনা ও তাঁর সরকারের সময়কার স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আগামী ২৪ জুন হাজির হতে বলেছে একই ট্রাইব্যুনাল। আদালত অবমাননার মামলায় বৃহস্পতিবার আওয়ামী লিগ নেত্রীকে হাজির হতে বলেছিল ট্রাইব্যুনাল। তিনি হাজির না হওয়ায় আদালত বৃহস্পতিবার একজন আদালত সহায়ক বা 'অ্যামিকাস কিউরি' ('amicus curiae) নিয়োগ করে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী এওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি হিসাবে নিয়োগ করেছে বেঞ্চ।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার বলেন, সাবেক প্রধানমন্ত্রী দু'বার আদালতের নির্দেশ অমান্য করেছেন। কিন্তু আমরা বিচার কাজে স্বচ্ছতা রক্ষা করতে চাই। চলতি পরিস্থিতিতে 'অ্যামিকাস কিউরি' ( আদালতকে করণীয় সম্পর্কে পরামর্শ দেবেন।
হাসিনার সঙ্গেই আদালত অবমাননার মামলায় নাম আছে বাংলাদেশের উত্তর প্রান্তের জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলমের। বছর চল্লিশের এই আওয়ামী লিগ নেতার সঙ্গে এক মহিলার কথোপকথনের অডিও টেপ সমাজমাধ্যমে ঘোরাঘুরি করছিল। ট্রাইব্যুনালের তদন্তকারীদের বক্তব্য, মহিলা কণ্ঠ শেখ হাসিনার। তিনি টেলিফোনে ওই আওয়ামী লিগ নেতাকে বলেন, '২২৩ জনকে হত্যার পারমিশন পেয়ে গেছি।'
আওয়ামী লিগের বক্তব্য হাসিনা ওই কথা বলেছিলেন তাঁর বিরুদ্ধে খুনের মিথ্যা মামলা হয়েছে বোঝাতে। তিনি দায়ের হওয়া মামলাগুলি সম্পর্কে বলেন, ২২৩ টা খুনের মামলা আমার নামে হয়েছে। তারমানে ২২৩টা খুন করার অধিকার পেয়ে গেছি।
হাসিনার ওই অডিও টেপ নিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে আদালতে। সেই মামলায় আদালতে হাজির না হওয়ায় আদালত অবমাননার মামলাও দায়ের হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।