১৩ নভেম্বর শেখ হাসিনার সাজার তারিখ ঘোষণা করবে আদালত। সেই দিন ঢাকায় লকডাউনের ডাক দিল আওয়ামী লিগ, ইউনুস সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ডাক।

শেখ হাসিনা
শেষ আপডেট: 4 November 2025 23:43
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৩ নভেম্বর বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনার মামলায় সাজা ঘোষণার দিন তারিখ জানাবে। ট্রাইবুনালের বিচারপতি গোলাম মোর্তূজা মজুমদার গত মাসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
হাসিনার দলের ধারণা, ১৩ তারিখের পর যে কোনওদিন তাদের নেত্রীর বিরুদ্ধে সাজা ঘোষণা করবে ওই ট্রাইব্যুনাল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মামলা শুনানিতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছে। চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম আদালতে বলেছেন, কোটাবিরোধী আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশে ১৪০০ মানুষকে হত্যা করা হয়। শেখ হাসিনার তাই ১৪০০ বার ফাঁসি হওয়া দরকার।
এদিকে, নেত্রীর বিরুদ্ধে চরম ভাজা ঘোষণা করা হবে ধরে নিয়ে আওয়ামী লিগ ১০ নভেম্বর থেকে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে। ১২ তারিখ পর্যন্ত তিন দিন দেশের জেলা, উপজেলায় বিক্ষোভ সমাবেশ, মিটিং মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে দল। ১৩ নভেম্বর ঢাকায় লকডাউন পালন করার আবেদন জানিয়েছে আওয়ামী লিগ।
ওইদিন রাজধানীর জনজীবন স্তব্ধ করতে দেশবাসীকে আর্জি জানিয়েছে আওয়ামী লিগের শীর্ষ নেতৃত্ব। শেখ হাসিনা সহ আওয়ামী লিগের নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া যাবতীয় মামলা প্রত্যাহার, মহম্মদ ইউনুসের পদত্যাগ সহ একাধিক দাবিতে ১৩ নভেম্বর অফিস-আদালত হাট-বাজার, স্কুল-কলেজ সব বন্ধ রেখে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
দলের এক নেতার কথায়, বনধ, ধর্মঘটের মতো প্রচলিত শব্দের পরিবর্তে রাজনৈতিক কর্মসূচিতে 'লকডাউন' কথাটি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
ছয় বছর আগে করোনা পরিস্থিতি মোকাবিলায় পৃথিবী জুড়ে লকডাউন জারি হয়েছিল। মানুষকে স্বেচ্ছায় নিজেদের গৃহবন্দি করতে হয়েছিল করোনা থেকে বাঁচতে। আওয়ামী লিগ নেতৃত্বের ব্যাখ্যা, ইউনুস সরকারের কবল থেকে রক্ষা পেতে তারা প্রতিবাদ হিসেবে ১৩ নভেম্বর মানুষকে বাড়ি থেকে বের না হতে আর্জি জানাচ্ছে।