
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 3 March 2025 10:16
দ্য ওয়াল ব্যুরো: বহুজন সমাজ পার্টির (BSP) আহ্বায়কের পদ থেকে ভাইপো আকাশ আনন্দকে (Akash Anand) ফের সরিয়ে দিলেন মায়াবতী (Mayawati)। এক বছরের মধ্যে দ্বিতীয়বার পদ থেকে অপসারণ করা হল আকাশকে। বহুজন সমাজ পার্টির নতুন আহ্বায়ক করা হয়েছে আকাশের বাবা, তথা মায়াবতীর ভাই আনন্দ কুমারকে।
পড়াশুনোর সুত্রে বিদেশে বেড়ে ওঠা বছর তিরিশের আকাশকে মায়াবতী তাঁর উত্তরসূরি হিসাবে বেছে নিয়েছিলেন। ২০২৩-এ ভাইপোকে দলের জাতীয় সমন্বয়কারীর পদে বসান। মায়াবতীর পরেই দলের দ্বিতীয় সর্বচ্চ ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠেন ওই তরুণ।
গত বছর লোকসভা ভোটের প্রচার শুরুর পর আচমকাই আকাশকে ওই পদ থেকে সরিয়ে দেন মায়াবতী। দলের তরফে বলা হয় আরও অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য এই পদক্ষেপ। পরে জানা যায়, আকাশের তীব্র বিজেপি (BJP) বিরোধিতায় লাগাম টানতেই পদ থেকে সরান মায়াবতী। তিনি মনে করেছিলেন, বিএসপির অতি বিজেপি বিরোধিতার সুবিধা কংগ্রেসের পক্ষে যাবে।
তবে লোকসভা ভোট মিটতেই ভাইপোকে পদে ফিরিয়ে আনেন তিনি। তারপর বছর ঘোরার আগে ফের সরিয়ে দিলেন।
বিএসপি সুত্রে জানা যাচ্ছে, আকাশ আসলে তাঁর শ্বশুর অশোক সিদ্ধার্থের কথায় চলছিলেন। মাস কয়েক আগে অশোককেও দলের পদ থেকে সরান মায়াবতী। বিএসপি সুপ্রিমোর কাছে খবর পৌঁছায় আকাশকে নিয়ে দলে ঘোঁট পাকাচ্ছেন অশোক। তাতেই চটেছেন মায়াবতী।
ওয়াকিবহাল মহল মনে করছে, দলে কেউই শৃঙ্খলার ঊধ্বে নন, বার্তা দিতেও প্রবীণ নেত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। গত পাঁচ-ছয় বছর যাবত বহুজন সমাজ পার্টির খারাপ অবস্থা যাচ্ছে। উত্তর প্রদেশে তিনবার সরকার পরিচালনা করা বিএসপির এখন সে রাজ্যে বিধায়ক মাত্র দু’জন। দলের ভোট ছয় শতাংশে নেমে গিয়েছে। গত লোকসভা ভোটেও ভরাডুবি হয়েছে। অন্যদিকে, দীর্ঘদিনের প্রতিপক্ষ সমাজবাদী পার্টি বিরোধী দলের মর্যাদা নিয়ে রাজনীতি করছে। স্বভাবতই দলকে ফের আগের অবস্থায় ফেরাতে চাইছেন তিনি।
মায়াবতীর সিদ্ধান্ত নিয়ে সমাজবাদী পার্টির (SP) মুখপাত্র আশুতোষ বার্মা বলেন, আকাশ আনন্দ যদি অপরিপক্কই হয়ে থাকেন তাহলে তাঁকে দলের গুরুত্বপূর্ণ পদে বসানোর দায় মায়াবতী অস্বীকার করতে পারেন না। শুধু পারিবারিক পরিচয়ে দলীয় পদ দেওয়া ঠিক নয়। উত্তর প্রদেশ কংগ্রেসের (Congress) সভাপতি অজয় রাইয়ের (Ajay Rai) কথায়, মায়াবতী এখন পরিবারের জালে জড়িয়ে গিয়েছেন। ভাইপোকে সরিয়ে ভাইকে বসাচ্ছেন দলের পদে।