দায়ের করা মামলায় নির্যাতিতা জানিয়েছেন, তিনি হরিসভা উপলক্ষে বাবার বাড়িতে এসেছিলেন সন্তানদের নিয়ে। স্বামী থাকেন দুবাইতে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 29 June 2025 16:08
দ্য ওয়াল ব্যুরো: কুমিল্লায় ঘরে ঢুকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনায় তোলপাড় বাংলাদেশ। এপর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের বিরুদ্ধে নির্যাতিতার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর পঞ্চকীটা গ্রামে রাত প্রায় ১০টা নাগাদ ঘটনাটি হয়। ২১ বছরের তরুণী তাঁর বাবার বাড়িতে ছিলেন সেসময়। বাড়ির দরজা বন্ধ থাকলেও জোর করে ঢুকে পড়েন ফজর আলি (৩৮)। তারপর চলে অত্যাচার।
দায়ের করা মামলায় নির্যাতিতা জানিয়েছেন, তিনি হরিসভা উপলক্ষে বাবার বাড়িতে এসেছিলেন সন্তানদের নিয়ে। স্বামী থাকেন দুবাইতে। ঘটনার সময় তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। পরে শারীরিক নিগ্রহ শুরু হলে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে। মারধর করে অভিযুক্তকে। তবে তিনি কোনওভাবে পালিয়ে যান।
নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে ২৭ জুন মামলা রুজু করা হয়। শুরু হয় তদন্ত। এরপর পুলিশ রবিবার ভোরে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে ফজর আলিকে গ্রেফতার করে। একইসঙ্গে বাকি তিনজনকেও গ্রেফতার করা হয়েছে ভিডিও রেকর্ড করে তা সামাজিক মাধ্যমে ছড়ানোর অভিযোগে। আরও একজনকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে পালাতে সাহায্য করার অভিযোগে।
এই ঘটনা ঘিরে এলাকায় চরমে উত্তেজনা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, সরকার পরিবর্তনের পর থেকেই বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা বেড়েছে। তাঁরা বলেন, 'একদিকে নারী নিগ্রহ, অন্যদিকে ধর্মীয় বিদ্বেষ, দু’টো মিলিয়ে আমাদের জীবন অতিষ্ট হয়ে উঠেছে। অপরাধীর কঠোর শাস্তি চাই।'
উল্লেখ্য, দীর্ঘদিন ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকার সরে যাওয়ার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ ক্রমাগত বেড়েছে। এই প্রেক্ষিতে এ ধরনের ঘটনায় বিএনপি নেতার জড়িয়ে পড়া নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে তা বলা বাহুল্য। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।