হাদি হত্যার পর বাংলাদেশে তুমুল অশান্তি দেখা দেয়। গণ প্রতিবাদের মুখে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংঘকে হাদি হত্যার তদন্তে সহায়তার আর্জি জানিয়ে চিঠি দেয়।
.jpeg.webp)
শেষ আপডেট: 26 March 2026 17:03
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত শরিফ ওসমান হাদির হত্যাকারীদের নিজেদের হেফাজতে চেয়ে ভারত সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ। সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার ঢাকায় জানিয়েছেন, এই ব্যাপারে বাংলাদেশের বিদেশ মন্ত্রক নয়াদিল্লিকে চিঠি দিয়ে বন্দি প্রত্যর্পণ চুক্তির অধীনে ধৃতদের তাদের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছে।
এ বছরের গোড়ায় ঢাকায় নির্বাচনী প্রচার করার সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। তাঁর হত্যাকারী এবং আশ্রয়দাতা মিলিয়ে মোট তিনজনকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল ট্রাস্ক ফোর্স গত সপ্তাহের গোড়ায় উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে গ্রেপ্তার করে।
সূত্রের খবর বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল ট্রান্স ফোর্স। পুলিশ জানিয়েছে, ধৃতরা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। বনগাঁ হয়ে তারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করে।
এদিকে ধৃত তিনজনকে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ গত সপ্তাহে দিল্লি নিয়ে গিয়েছে। ধৃতরা ভারত বিরোধী অপরাধে যুক্ত ছিল, এমন অভিযোগের প্রেক্ষিতে এনআইএ তাদের জেরা করতে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আর্জি জানায়। আদালতের অনুমতি পেয়ে তাদের দিল্লি নিয়ে গিয়েছে ওই তদন্তকারী সংস্থা। ওয়াকিবহাল মহলের মতে বাংলাদেশ প্রত্যর্পণ চাইলেও ধৃতদের দ্রুত ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা কম। অভিযুক্তরা ভারতে কোন অপরাধে যুক্ত ছিল কিনা সেই বিষয়ে দেশের সমস্ত নিরাপত্তায় এজেন্সি নিশ্চিত হওয়ার পর তবেই প্রত্যর্পণ সম্ভব। তাছাড়া বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করায় অনুপ্রবেশের ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
প্রসঙ্গত, হাদি হত্যার পর বাংলাদেশে তুমুল অশান্তি দেখা দেয়। গণ প্রতিবাদের মুখে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংঘকে হাদি হত্যার তদন্তে সহায়তার আর্জি জানিয়ে চিঠি দেয়।