হাসিনার সঙ্গে এই মামলায় অপর দুই অভিযুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

শেখ হাসিনা
শেষ আপডেট: 13 November 2025 13:12
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামী ১৭ নভেম্বর সাজা ঘোষণা করবে সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (Bangladesh Tribunal)। ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তূজা মজুমদার বৃহস্পতিবার এই রায় দেন। এই মামলায় বাংলাদেশ সরকারের আইনজীবী তথা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছেন। দেখার ট্রাইবুনাল হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলায় কী রায় দেয়।
হাসিনার সঙ্গে এই মামলায় অপর দুই অভিযুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার সাজা ঘোষণার দিনে ঢাকায় লকডাউন পালন করছে আওয়ামী লিগ। সাবেক শাসকদলের কর্মসূচির জেরে রাজধানী ঢাকা সকাল থেকেই অনেকটা ঘরবন্দি। স্বাভাবিক জনজীবন চূড়ান্তভাবে ভেঙে পড়েছে। এখানে ঢাকা দেশের অন্যান্য অংশের থেকে অনেকটাই বিচ্ছিন্ন। দেশজুড়ে নানা হিংসাত্মক ঘটনা ঘটছে। ভোররাত থেকে অগ্নি সংযোগ পথ অবরোধ, ভাঙচুর চলছে।এদিকে, ট্রাইব্যুনালকে ব্যবহার করে রায় ঘোষণার তারিখ নির্ধারণের প্রতিবাদে হাইকোর্ট প্রাঙ্গণে আইনজীবীরা আজ অভিনব পদ্ধতিতে ‘ব্যান্ড ডাউন’ করে লকডাউন কর্মসূচি পালন করেছেন।হাইকোর্ট এলাকায় এটাই প্রথমবার কোনও ধরনের আনুষ্ঠানিক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হল। আইনজীবীরা জানিয়েছেন—বিচার ব্যবস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিরুদ্ধে এই প্রতিবাদ অব্যাহত থাকবে।
এদিকে হাসিনার মামলা ঘিরে সোমবার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ছাড়াও বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে ট্রাইবুনাল ভবনের চারপাশে। নিরাপত্তা বাড়ানো হয়েছে বিচারপতি এবং আইনজীবীদের।