দিল্লির বিস্ফোরণের ঘটনা নিয়ে নিরাপত্তা সংস্থাগুলি এখনও এর চরিত্র সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। নিহত এবং আহতরা আগুনে দগ্ধ হয়েছেন। তাদের শরীরে অন্য কোনও আঘাতের চিহ্ন নেই। বিস্ফোরণটি গাড়ির যান্ত্রিক কারণে কিনা তা এখনও স্পষ্ট নয়।

ফাইল ছবি
শেষ আপডেট: 11 November 2025 00:21
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে বিস্ফোরণে (Delhi Blast) ১০ ভারতীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতে বাংলাদেশের হাই কমিশনার (Bangladesh High Commissioner) রিয়াজ হামিদুল্লাহ। সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা লাগোয়া রাস্তায় একটি গাড়িতে বিস্ফোরণের জেরে ১০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
ওই ঘটনায় শোক জানিয়ে এক্স হ্যান্ডেলে ভারতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ তাঁর পোস্টে লেখেন, 'আজ সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লা (Red Fort) এলাকায় গাড়ি বিস্ফোরণে কমপক্ষে ১০ জন ভারতীয়ের মৃত্যু এবং আরও অনেক আহত হওয়ার ঘটনায় আমি ও হাই কমিশনে আমার সহকর্মীরা গভীর শোক প্রকাশ করছি। আমরা নিহতদের পরিবারের সদস্য এবং আহত সহ ক্ষতিগ্রস্ত সকলকে সমবেদনা জানাই। এই দুঃসময়ে বাংলাদেশ (Bangladesh) ভারতের (India) পাশে আছে।
দিল্লির বিস্ফোরণের ঘটনা নিয়ে নিরাপত্তা সংস্থাগুলি এখনও এর চরিত্র সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। নিহত এবং আহতরা আগুনে দগ্ধ হয়েছেন। তাদের শরীরে অন্য কোনও আঘাতের চিহ্ন নেই। বিস্ফোরণটি গাড়ির যান্ত্রিক কারণে কিনা তা এখনও স্পষ্ট নয়।
তবে এই ঘটনায় দিল্লির পাশাপাশি কলকাতা, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু সহ দেশের বড় শহরগুলির নিরাপত্তা জোরদার করা হয়েছে। জঙ্গি নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না।
তবে কারণ যাই হোক না কেন গোটা দেশ এই ঘটনায় শোকাহত। এই সময় বাংলাদেশের হাই কমিশনারের শোক ও সমবেদনা জ্ঞাপনকে কূটনৈতিক মহল খুবই ইতিবাচক বলে মনে করছে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশের হাইকমিশনার দুঃসময়ে পাশে থাকার বার্তা দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার লক্ষ্যে পদক্ষেপ করেছেন বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের অভিজ্ঞ কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে হাই কমিশনারের দায়িত্ব নেওয়ার পর থেকে দু'দেশের মানুষের মধ্যে সম্পর্ক স্থাপনে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। দিল্লির বিস্ফোরণের ঘটনায় সেই একই লক্ষ্যকে বিবেচনায় রেখে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন বলে মনে করা হচ্ছে।