কমিশন সুত্রে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ আওয়ামী লিহ ও তাদের অঙ্গ সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনগুলির কার্যক্রম নিষিদ্ধ করেছে। এর ধারাবাহিকতায় নির্বাচন কমিশন আওয়ামী লিগের নিবন্ধন স্থগিত করল।

শেষ আপডেট: 12 May 2025 23:29
দ্য ওয়াল ব্যুরো: আওয়ামী লিগের ( Awami League) নিবন্ধন বা রেজিষ্ট্রেশন (registration of election commission) বাতিল করল নির্বাচন কমিশন। সোমবার রাতে এই সংক্রান্ত নির্দেশনামা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (Bangladesh Election Commission)।
কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিক সম্মেলনে করে জানান, সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে এই করা হয়েছে। প্রসঙ্গত, সোমবার বিকালে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে বলেছে আওয়ামী লিগের নেতানেত্রীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত ওই দল কোনও কর্মসূচি পালন করতে পারবে না (imposed ban on political activities of Awami League)।
কমিশন সুত্রে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ আওয়ামী লিহ ও তাদের অঙ্গ সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনগুলির কার্যক্রম নিষিদ্ধ করেছে। এর ধারাবাহিকতায় নির্বাচন কমিশন আওয়ামী লিগের নিবন্ধন স্থগিত করল।
বিকালে সরকারি নির্দেশনামায় বলা হয়, বাংলাদেশের মাটিতে আওয়ামী লিগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করল সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠনের পর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লিগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতীম সংগঠন বিরোধী রাজনৈতিক দলগুলির সদস্য ও ভিন্নমতের মানুষের ওপর হামলা, গুম, খুন, হত্যা, নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন নিপীড়নমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে।
মন্ত্রকের সিনিয়র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত নির্দেশিকায় আরও বলা হয়, সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে আওয়ামী লিগ দেশের সার্বভৌমত্ব ও জনসুরক্ষার পক্ষে ক্ষতিকর শক্তি। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, সন্ত্রাসদমন আইনে আওয়ামী লিগের কার্যক্রম নিষিদ্ধ করা হল। এরমধ্যে অনলাইন কার্যক্রমও রয়েছে। যদিও সেই নির্দেশ অগ্রাহ্য করে সোমবার রাতে শেখ হাসিনা ভার্চুয়াল সভা করে ইউনুস সরকারকে পাল্টা চ্যালেঞ্জ করেন। সরকারি নির্দেশ অমান্য করার ডাক দেন।