
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেষ আপডেট: 9 February 2025 15:00
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে শনিবার বেশি রাত থেকে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান। সেনা ও পুলিশের যৌথ বাহিনীর এই অভিযানে রবিবার দুপুর পর্যন্ত ঢাকার অদূরে গাজীপুরে ৪০জনকে আটক করা হয়েছে। তারা সকলেই বিগত ফ্যাসিস্ট সরকারের লোক বলে পুলিশ জানিয়েছে। অর্থাৎ ধৃতরা সকলেই আওয়ামী লিগের নেতা-কর্মী। এক পুলিশ অফিসারকে মাইকে বলতে শোনা যায়, ‘আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে অপারেশন শুরু হয়েছে।’
গত শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকেরা হামলা চালায়। খবর পেয়ে স্থানীয় মানুষ এলাকার মসজিদ থেকে ডাকাত পড়েছে বলে আওয়াজ তুললে জনতা সাবেক মন্ত্রীর বাড়িতে থাকা হামলাবাজদের গণধোলাই দেয়। পাল্টা মারে জনা পনেরো তরুণ আহত হয়। তাদের পাঁচজনের অবস্থা গুরুতর। আওয়ামী সমর্থকদের পাল্টা হতচকিত প্রশাসন এবং মহম্মদ ইউনুসের অনুগামী ছাত্র সংগঠন প্রমাদ গোনে। দুপুরেই অপারেশন ডেভিল হান্ট শুরুর কথা ঘোষণা করে সরকার। গাজীপুর দিয়েই শুরু হয় সেই অভিযান। এখনও চলছে।
তাৎপর্যপূর্ণ হল, সেনা-পুলিশের অভিযান শুরুর পরও আওয়ামী লিগের পাল্টা মার অব্যাহত। শনিবার শুক্রবার রাতে সাবেক মন্ত্রীর বাড়ির ঘটনার জেরে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব বিক্ষোভ কর্মসূচি নিলে পাল্টা সমাবেশ করে আওয়ামী লিগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে দায়িত্বে অবহেলার কথা মেনে নিয়ে ক্ষমা চান গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। সরিয়ে দেওয়া হয় সদর থানার ওসিকে। বিক্ষোভ শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গুলিতে এক শিক্ষার্থী আহত হয়।
এদিকে, আওয়ামী লিগের প্রতিরোধ এবং পাল্টা হামলা অব্যাহত। সাবার উপজেলার হেমায়েতপুরে শনিবার রাতে আওয়ামী লিগের স্থানীয় নেতা মজরুল আলম রাজীব ও তাঁর ভাই ফখরুল আলম সমরের বাডিতে ভাঙচুর ও আগুন দেওয়ার চেষ্টা হলে স্থানীয় মানুষ দুষ্কৃতীদের পাল্টা ধাওয়া করে। এলাকাবাসীর বক্তব্য, আওয়ামী লিগের নেতারা অপরাধ করে থাকলে বিচার হবে। এলাকায় বহিরাগতদের হামলা বরদাস্ত করা হবে না।
কালিয়া হরিপুর ইউনিয়নে পথসভা করা নিয়ে বিএনপি ও আওয়ালী লিগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সংঘর্ষ পর্যন্ত গড়ায়। পাইকপাড়া গ্রামে আওয়ামী লিগের নেতা-কর্মীরা বিএনপির হামলা রুখে দেয়। দলের কর্মসূচি মেনে বেশ কিছু জায়গায় বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লিগ। গত ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচি আগামীকাল সোমবার পর্যন্ত চলার কথা।