বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও গুলশনে তাঁর ব্যক্তিগত বাড়িতেই থাকছেন। প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ বাসভবন যমুনা তাঁর জন্য প্রস্তুত করা হচ্ছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
শেষ আপডেট: 27 February 2026 19:34
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও গুলশনে তাঁর ব্যক্তিগত বাড়িতেই থাকছেন। প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ বাসভবন যমুনা তাঁর জন্য প্রস্তুত করা হচ্ছে।
তাঁর গুলশানের বাড়ির ওদের এই অবস্থিত বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তর। দেশে ফেরার পর থেকে তিনি প্রতি জুমার নামাজের জন্য নৌবাহিনীর মসজিদে যাচ্ছেন। শুক্রবারও সেখানেই গিয়েছিলেন।
সেখান থেকে ফেরার সময় একদল শিশু প্রধানমন্ত্রীর পথ আগলে দাঁড়ায়। তারেক রহমান গাড়ি থেকে নেমে শিশুদের আদর করেন। এই সময় এক শিশু প্রধানমন্ত্রী তারেক রহমানকে আঙ্কেল বলে সম্বোধন করে জানতে চান আপনি কি রোজা রাখছেন?
ইসলামিক বিশ্ব এখন রমজান মাস পালন করছে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাসে থাকছেন ধর্মপ্রাণ মুসলমানরা। কোমলমতি শিশুর প্রশ্নের জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন তিনি রোজা রাখছেন।
যদিও প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততায় তা কোনও ছাপ ফেলেনি। প্রতিদিন নিয়ম করে সকাল ন'টায় সচিবালয়ে পৌঁছে যাচ্ছেন নতুন প্রধানমন্ত্রী। দফায় দফায় বৈঠকের মাঝে সরকারি নানা অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন। এরমধ্যেই ধর্মীয় আচার মেনে রোজা পালন করছেন প্রধানমন্ত্রী।
এক শিশু প্রধানমন্ত্রীকে জানায় সেও রোজা রাখছে। তারেক তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ভেরি গুড। প্রধানমন্ত্রী তারেক উপস্থিত সব শিশুর সঙ্গে হাত মেলান, শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রীর সান্নিধ্য পেয়ে শিশুরা আনন্দে মেতে ওঠে। শিশুদের সঙ্গে তারেক রহমানের কুশল বিনিময়ের বিষয়ে সংবাদ মাধ্যমকে অবহিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বাংলাদেশ সরকারের এক আধিকারিক বলেন, শিশুরা যেমন প্রধানমন্ত্রীর সঙ্গে মিলিত হতে চাইছিল, তারেক রহমানও তুমুল উৎসাহ নিয়ে বাচ্চাদের সঙ্গে কুশল বিনিময় করেন। কারণ আগামী মাসের মাঝামাঝি নাগাদ তিনি যমুনায় থাকা শুরু করবেন। তখন প্রতিবেশীদের সঙ্গে তাঁর মেলামেশার সুযোগ কমে যাবে। সে কথা বিবেচনায় রেখেই শত ব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রী এলাকার শিশুদের সঙ্গে কিছু সময় কাটান।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি তারেক রহমান জুমার নমাজে অংশ নিতে যাওয়ার সময় গুলশানের বাড়ির গেটে এলাকাবাসীর সঙ্গে মিলিত হন। ততক্ষণে স্পষ্ট হয়ে গিয়েছিল দু দশক পর বাংলাদেশে সরকার গড়তে চলেছে বিএনপি এবং তারেক রহমান হতে চলেছেন প্রধানমন্ত্রী। প্রতিবেশীদের শুভেচ্ছার জবাবে তারেক রহমান তাদের বলেন, 'আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, সে জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন।'