প্রতিদিন হজমের গোলমাল, গলা বা বুকে জ্বালা হচ্ছে? শুধু অ্যাসিডিটি ভেবে এড়িয়ে গেলে বিপদ হতে পারে। জানুন এর পেছনে কী কারণ থাকতে পারে এবং কখন সতর্ক হওয়া জরুরি।

হজমের সমস্যা এড়িয়ে যাবেন না।
শেষ আপডেট: 3 February 2026 13:30
দ্য ওয়াল ব্যুরো: বছর ত্রিশের রাহুল বছরখানেক ধরেই বদহজমের (Indigestion) সমস্যায় ভুগছিলেন। সাধারণ খাবার খেয়েও পেটব্যথা (Stomach Pain) এবং হজমের গোলমাল কেন হচ্ছিল, বুঝতে পারছিলেন না। ব্যথা নিরাময়ে ওষুধের দোকান থেকে প্রায়ই তাঁকে কিনতে হয়, হজমের ওষুধ ঘরে সবসময় মজুত থাকে। চিকিৎসকদের কাছেও এই সাধারণ লক্ষণগুলি পেটের সমস্যা বলেই মনে হয়েছিল।
ছোট থেকে বড় রোগ-- কেউ হাঁকডাক করে জানিয়ে আসে, আর কেউ আসে চুপিসারে, নিভৃতে। তবে কিছু না কিছু আভাস কিন্তু থাকেই। কিছু কিছু অসুখ আবার সরাসরি আসে না। আসে ছদ্মবেশে। তেমনই একটা হল পাকস্থলীর ক্যানসার (GI Cancer)।
এই ক্যানসারের প্রাথমিক উপসর্গগুলো দেখে মনে হতে পারে এ বুঝি অন্য কোনও রোগ। কয়েকটা উপসর্গ আবার এতই সাধারণ যে অধিকাংশ মানুষ পাত্তাই দেন না। অথচ ভেতর ভেতর বাড়তে থাকে প্রাণঘাতী এই রোগ ( GI Cancer)।
দীর্ঘমেয়াদি ব্যথার ওষুধ বা হজমের ওষুধ খাওয়ার পিছনেই লুকিয়ে ছিল ক্যানসারের রহস্য। বিশেষজ্ঞরা বলছেন, ওষুধ কেনার ধরন দেখেই বোঝা যায় তলে তলে কী রোগ বাসা বাঁধছে শরীরে।
কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?
কীভাবে বুঝবেন বিপদ আসতে পারে?
অ্যাসিড রিফ্লাক্স হওয়ার ফলে যে প্রদাহ ও অস্বস্তি তৈরি হয় তার থেকে খাদ্যনালী বা ইসোফেগাস সঙ্কুচিত হয়ে যায়। এর ফলে গলায় অস্বস্তি, বমি ভাব, কাশি, শ্বাস-প্রশ্বাসে কষ্টর মতো সমস্যা দেখা দেয়। গলার কাছে কিছু আটকে থাকার মতো অনুভূতি হতে থাকে। দাঁতের এনামেল নষ্ট করে দেয় অ্যাসিড রিফ্লাক্স।
অ্যাসিড রিফ্লাক্স খুবই সাধারণ সমস্যা এবং বিভিন্ন সময় প্রায় সকলেই এই কমবেশি এই সমস্যায় ভুগে থাকেন। যদি অন্ত্রের নীচের অংশে দীর্ঘ দিন ধরে অ্যাসিড রিফ্লাক্স হতে থাকে তা হলে ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।
যদি আপনার প্রায়ই অ্যাসিডিটির সমস্যা হয় তা হলে এখনই সাবধান হয়ে যান। চকোলেট, অ্যালকোহল, নিকোটিন, ক্যাফেইন, ভাজা ও ফ্যাটি খাবার খাওয়া কমিয়ে দিন। এই খাবারগুলো থেকেই অ্যাসিড রিফ্লাক্সের সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি দেখেন খাবার গিলতে গেলেই বুকে চাপ পড়ছে, খাবার গিলতে সমস্যা হচ্ছে, ঘন ঘন পেট ব্যথা, বমিভাব থাকছে তাহলে সতর্ক হয়ে যান। পাকস্থলীর ক্যানসার চিহ্নিত করার জন্য চিকিৎসকরা গ্যাস্ট্রোস্কোপি করার পরামর্শও দিয়ে থাকেন।