ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি
শেষ আপডেট: 7 April 2025 20:23
দ্য ওয়াল ব্যুরো: প্রচলিত আছে "চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা"। চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিল এক যুবক। পাকড়াও হতেই এমন ভয়াবহ পরিণতি হবে তা হয়তো দুঃস্বপ্নেও ভাবতে পারেনি সে।
কর্নাটকের (Karnataka) দাভানগেরে জেলার চান্নাগিরি তালুকের নাল্লুরের কাছে অবস্থিত আস্তাপানাহাল্লি গ্রামের ঘটনা। যেখানে চুরির অপরাধে ১৭ বছর বয়সি এক যুবককে নৃশংসভাবে পেটাল হাক্কি-পিক্কি উপজাতি সম্প্রদায়ের মানুষ। জানা গিয়েছে, অভিযুক্ত যুবকটিও একই সম্প্রদায়ের মানুষ।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা সামনে আসতেই শিউরে উঠছে দেশবাসী। ভাইরাল ভিডিও ক্লিপে পাশবিক অত্যাচারের নির্মম ছবি সামনে এসেছে। যা দেখে বোঝা যাচ্ছে, চুরির অভিযোগ উঠেছে হাক্কি-পিক্কি উপজাতি সম্প্রদায়ের ওই যুবকের বিরুদ্ধে। চুরির পর ধরা পড়তেই দফায় দফায় বেধড়ক পেটায় ওই সম্প্রদায়ের মানুষজন। তাতেও শান্ত হননি তাঁরা।
Police apprehended nine accused individuals who allegedly subjected a minor boy, 17, to severe abuse, including forcibly removing his clothes, assaulting him, and placing red ants in his undergarments.
— Hate Detector ???? (@HateDetectors) April 7, 2025
The incident occurred on April 4 at #Astapanahalli village in #Davanagere's… pic.twitter.com/9rC44hT0nY
ব্যাপক মারধরের পর গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ছেলেটির গোপনাঙ্গে লাল পিঁপড়ে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। যন্ত্রণায় রীতিমতো কাতরালেও ছাড় মেলেনি। উল্টে যুবককে শাস্তি দেওয়ার আনন্দে রীতিমতো উল্লাসে মেতেছেন সামনে দাঁড়িয়ে থাকা লোকজন। বারবার ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও মারের পরিমাণ আরও বাড়ে বলে অভিযোগ।
ঘটনাটি বেশ কয়েকদিন আগে ঘটলেও কয়েকদিন আগে ঘটলেও সোমবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই তা সামনে আসতে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। ঘটনার ভয়াবহতা দেখে রীতিমতো চমকে যেতে হয়।
জানা গিয়েছে, বিষয়টি সামনে আসতেই গ্রাম পরিদর্শন করে তদন্তকারীদের তথ্য সংগ্রহ করে বিস্তারিত রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন দাভানগেরের পুলিশ সুপার উমা প্রশান্ত চান্নাগিরি। ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। আরেক অভিযুক্তের খোঁজ চলছে। পুলিশ সূত্রে খবর, ধৃত আটজনের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।