
শেষ আপডেট: 1 November 2023 20:49
দ্য ওয়াল ব্যুরো: গাজা উপত্যকায় ইজরায়েলি বাহিনীর হামলা অব্যাহত। যত দিন যাচ্ছে গাজায় হামলার তীব্রতাও বাড়াচ্ছে ইজরায়েল। ক্রমেই বাড়ছে মৃত্যুমিছিল। আর সেই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন যোগী আদিত্যনাথ। ইজরায়েলের যুদ্ধ নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বক্তব্য, মধ্যপ্রাচ্যের এই দেশ তালিবান মানসিকতাকে দমন করে দিচ্ছে।
সামনেই রাজস্থানে ভোট। ভোটমুখী সেই রাজ্যে বুধবার জনসভা করেন যোগী আদিত্যনাথ। সেখানেই মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ নিয়ে মুখ খোলেন তিনি। তালিবানের প্রসঙ্গ টেনে যোগী বলেন, “বজরংবলীর গদাই হল তালিবানের দাওয়াই।" এখানেই শেষ নয়, গাজায় ইজরায়েলের ভূমিকার প্রশংসাও করেন তিনি। বলেন, "আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে ইজরায়েল গাজায় তালিবানি মানসিকতাকে দমন করছে। একদম সঠিকভাবে সঠিক নিশানায় খুঁজে খুঁজে শত্রুদের মারছে।”
গাজায় যুদ্ধবিমান ও ড্রোনের মাধ্যমে স্থল অভিযান শুরু করেছে ইজরায়েলি বাহিনী। ইতিমধ্যেই গাজার উত্তরাংশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের রকেট হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে যুদ্ধপরিস্থিতি। ইজরায়েলের আক্রমণের জেরে গাজায় বাড়ছে মৃতের সংখ্যা। ২৫ দিনে পা রাখা এই রক্তক্ষয়ী যুদ্ধে ইজরায়লের পাশে দাঁড়ালেন যোগী।
প্রসঙ্গত, ইজরায়েলের বুকে হামাস গোষ্ঠীর আক্রমণের পর বহু ইজরায়েলিকে পণবন্দি করা হয়। এরপরই যুদ্ধ ঘোষণা করে দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত শনিবার রাত থেকে গাজার ভুখণ্ডে ঢুকতে শুরু করেছে ইজরায়েলি ফৌজ। গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক হামাসের ডেরা। উত্তর ও দক্ষিণ গাজাকে যুক্ত করা সালা-আল-দিন রোডে টহল দিচ্ছে ইজরায়েলি ট্যাঙ্ক। যার ফলে গাজার লাইফলাইন সড়কটি কার্যত অবরুদ্ধ।