হিমাংশির কথায়, “তিনি মহিলাদের জন্য এক ভয়হীন পরিবেশ তৈরি করেছেন, এখন নারীরা রাতেও নির্ভয়ে কাজ করতে পারেন।”

সেই ট্যাটুর ছবি এখন ভাইরাল
শেষ আপডেট: 9 August 2025 17:38
দ্য ওয়াল ব্যুরো: বড় বড় নেতাদের নিয়ে সাধারণ মানুষের উন্মাদনা কিছু কম নয়। অনেকে আবার নিজেকে ভীষণ বড় অনুরাগী বলে দাবিও করেন। এবার, উত্তরপ্রদেশের লখনউয়ের এক যুবতী হাতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখের ট্যাটু করিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন।
হিমাংশি নামের ওই তরুণী শুধু তাঁর মুখের ট্যাটু-ই নয়, তার সঙ্গে হিন্দিতে লিখিয়েছেন 'মাননীয় প্রধানমন্ত্রী'। এই অদ্ভুত মিশ্রণ যেমন অনেকের প্রশংসা কুড়িয়েছে, তেমনই তৈরি করেছে বিভ্রান্তি। কিছু মানুষ এটা দেখে বেশ মজাও পেয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, হিমাংশি হাতের ওপর যোগীর ট্যাটু করাচ্ছেন। তিনি বলেন, এই ট্যাটু তাঁর আবেগের প্রতীক, কারণ যোগী আদিত্যনাথ তাঁর কাছে একজন দৃঢ়প্রতিজ্ঞ প্রশাসক ও অনুপ্রেরণা। হিমাংশির কথায়, “তিনি মহিলাদের জন্য এক ভয়হীন পরিবেশ তৈরি করেছেন, এখন নারীরা রাতেও নির্ভয়ে কাজ করতে পারেন।”
“दीवानगी का चरम”
लखनऊ में हिमांशी नामक युवती ने बनवाया सीएम @myogiadityanath का टैटू। साथ ही लिखवाया माननीय प्रधानमंत्री। टैटू बनवाते हुए वीडियो हुआ वायरल।#yogiadityanth #tattooart #tattooideas pic.twitter.com/uUWMjfRuiT— SANJAY TRIPATHI (@sanjayjourno) August 7, 2025
তবে ট্যাটুর পাশে ‘প্রধানমন্ত্রী’ শব্দটি লিখে বসায় অনেকেই প্রশ্ন তুলেছেন, মুখ্যমন্ত্রীর পদকে কি প্রধানমন্ত্রী ভেবে ফেললেন তিনি? সমর্থকেরা যদিও তাঁর ভক্তি আর আবেগের প্রশংসা করছেন, অন্যদিকে অনেকে ব্যঙ্গ করছেন রাজনৈতিক সচেতনতা নিয়ে।
এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে। কেউ হিমাংশির সাহস ও আনুগত্যকে সাধুবাদ দিচ্ছেন, আবার কেউ মজা করে মন্তব্য করছেন। ভিডিওটি যেভাবে ছড়িয়ে পড়ছে, হিমাংশি রাতারাতি হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু।
তবে যোগী-উন্মাদনার ঘটনা যে এই প্রথম, এমন কিন্তু নয়। এর আগেও ২০২১ সাল নাগাদ উত্তরপ্রদেশের ব্রজ উৎসবে এক যুবককে দেখা গিয়েছিল যিনি বুকে যোগীর মুখের ট্যাটু করিয়েছিলেন এবং চুল ছেঁটে ‘যোগী’ লিখেছিলেন।


তাছাড়াও, ২০২২ সালে আরও এক মুসলিম যুবক যোগী আদিত্যনাথের মুখের ছবি বুকে ট্যাটু করিয়েছিলেন। সেই বছর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর জন্মদিনে সেটা তাঁর নিজেকে দেওয়া ‘উপহার’ বলে দাবিও করেছিলেন ওই যুবক।