বেঙ্গালুরু পুলিশ ইতিমধ্যেই একটি মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রেললাইনের আশপাশের এলাকায় লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ চলছে।

ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 21 May 2025 17:06
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ছায়া এবার বেঙ্গালুরুতে। স্যুটকেসে মিলল মহিলার দেহ। বুধবার বেঙ্গালুরুর এক রেল সেতুর কাছে পড়ে থাকা একটি ছেঁড়া, নীল রঙের স্যুটকেস থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, ওই মহিলাকে খুন করে দেহটি ট্রেন থেকে ছুঁড়ে ফেলা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর পুরনো চন্দাপুরা রেলওয়ে ব্রিজের কাছে। স্থানীয় বাসিন্দারা প্রথমে ওই স্যুটকেসটি দেখতে পান এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পুলিশে খবর দেন। পরে পুলিশ পৌঁছে স্যুটকেসটি খুলতেই বেরিয়ে আসে দেহ।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, 'প্রাথমিক তদন্তে আমরা মনে করছি, মহিলাটিকে অন্য কোথাও খুন করা হয়েছে। এরপর দেহটি স্যুটকেসে ভরে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলা হয়েছে। দেহের সঙ্গে কোনও পরিচয়পত্র পাওয়া যায়নি, ফলে এখনও পর্যন্ত নাম, বয়স বা কোনওরকম পরিচয় জানা যায়নি।' এর ফলে স্বভাবতই কোথা থেকে দেহটি এনে ফেলা হল, কোন ট্রেন থেকে আনা হয়, সেসব কিছুই জানা যায়নি।
বেঙ্গালুরু পুলিশ ইতিমধ্যেই একটি মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রেললাইনের আশপাশের এলাকায় লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ চলছে।
পুলিশের ধারণা, হত্যাকারীরা ট্রেনে করে গন্তব্যে যাওয়ার সময় একটি নির্জন স্থানে এসে দেহটি ফেলে দেয় যাতে কেউ টের না পায়। আধিকারিকরা আশপাশের থানাগুলিকে নিখোঁজ মহিলাদের তালিকা খতিয়ে দেখতে বলেছেন এবং স্যুটকেসটির উৎস সম্পর্কেও তথ্য সংগ্রহ করা শুরু করা হয়েছে।
চলতি বছর ফেব্রুয়ারি মাসে পিসি শাশুড়িকে খুন করে এমনই একটি স্যুটকেসে ভরে কলকাতার কুমোরটুলি ঘাটের কাছে ফেলে দিয়ে গেছিলেন এক মহিলা। সঙ্গে তাঁর মেয়েও ছিলেন। তাঁরাও ট্রেনে করেই দেহ নিয়ে এসে ফেলে দেয়। পরে ঘটনার তদন্তে নেমে পুলিশ দুজনকে গ্রেফতার করে। কিছুদিন আগে কলকাতারই বাগুইআটিতেও ব্যাগবন্দি দেহ উদ্ধার হয়।
এবার বেঙ্গালুরু। এই শহরে দিন দিন অপরাধের সংখ্যা বাড়ায় রীতিমতো চিন্তায় সকলে। দেশের অন্যতম বড় আইটি হাব হওয়ায়, এখানে বহু মানুষ কর্মসূত্রে যান, থাকেন, ফলে তাঁদের মধ্যেও একটা আতঙ্ক তৈরি হয়েছে। সকলেই ভুগছেন নিরাপত্তাহীনতায়।