
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 31 May 2024 13:03
দ্য ওয়াল ব্যুরো: ফোনে ঘণ্টার পর ঘণ্টা কার সঙ্গে কথা বলেন স্ত্রী! বুঝিয়েও কাজ না হওয়ায় শ্বশুরবাড়ির দ্বারস্থ হয়েছিলেন জামাই। তাঁরা তাঁকে পরামর্শ দেন যে স্ত্রীর ফোন কেড়ে নাও।
অভিযোগ, শ্বশুরবাড়ির পরামর্শে স্ত্রীর ফোন কেড়ে নেওয়ায় বড় খেসারত দিতে হয়েছে ওই ব্যক্তিকে। প্রদীপ সিং নামে ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, ফোন কেড়ে নেওয়ায় স্ত্রী তাঁকে খাটের বিছানার সঙ্গে বেঁধে গায়ে ইলেকট্রিক শক দিয়েছে। এমনকী মায়ের এমন কাণ্ড কারখানা দেখে ১৪ বছরের কিশোর ছেলে বাবাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করেন বেবি যাদব।
গত ১৮ মে ঘটনাটি ঘটেছে আগ্রায়। হাসপাতালে চিকিৎসাধীন প্রদীপ থানার দ্বারস্থ হতেই তাঁর স্ত্রী গা ঢাকা দিয়েছেন। কী কারণে মহিলা এমন আচরণ করলেন, নেপথ্যে পরকীয়া রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
২০০৭ সালে বেবি যাদবকে বিয়ে করেন প্রদীপ সিং। প্রদীপের অভিযোগ, "ইদানিং আমার স্ত্রী প্রতিদিন কারও না কারও সঙ্গে মোবাইলে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। আমি এতে আপত্তি জানাই এবং তার পরিবারকে জানিয়েছিলাম। তাঁদের অনুরোধে আমি ওর মোবাইল ফোনটি নিয়েছিলাম। এতে সে রেগে যায় এবং রাতে খাটে আমাকে বেঁধে গায়ে ইলেকট্রিক শক দেয়। বাঁচাতে এলে ছেলেকেও মারধর করে।"
আগ্রার কিশনি থানার পুলিশ আধিকারিক অনিল কুমার জানান, অভিযোগের ভিত্তিতে মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ৩২৮ এবং ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত মহিলা পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।