তিন দিনের বাসি সাম্বার নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল বচসা। ঝগড়ার পর বিষ খেয়ে আত্মঘাতী তরুণী, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কাব্য
শেষ আপডেট: 7 March 2026 13:05
দ্য ওয়াল ব্যুরো: তিন দিন আগের রান্না করা সাম্বার (Sambar) গরম করে পরিবেশন করা নিয়ে শুরু হয়েছিল বচসা। সেই তর্কই শেষ পর্যন্ত মর্মান্তিক পরিণতি ডেকে আনল। বেঙ্গালুরুর (Bengaluru) এক ২৭ বছরের তরুণী, কাব্য (Kavya), স্বামীর সঙ্গে ঝগড়ার পর কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন।
কাব্যর স্বামী রঙ্গস্বামীর (Rangaswamy) সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল প্রায় পাঁচ বছর আগে। তাঁদের একটি চার বছরের সন্তান রয়েছে। পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে বাড়িতেই সবটা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, সেদিন কাব্য তিন দিন আগে তৈরি করা সাম্বার গরম করে পরিবেশন করেন। তা নিয়ে তর্ক শুরু হয়। কথাকাটাকাটি দ্রুতই তীব্র বচসায় পরিণত হয়। অভিযোগ, সেই সময় রঙ্গস্বামী কাব্যকে গালিগালাজ করেন এবং মারধরেরও চেষ্টা করেন।
এই ঘটনার পরেই চরম সিদ্ধান্ত নেন তরুণী। অভিযোগ, বাড়িতে কৃষিকাজের জন্য রাখা কীটনাশক খেয়ে ফেলেন। কিছুক্ষণ পরই বমি করতে শুরু করেন। পরিবারের সদস্যরা দ্রুত বিষয়টি বুঝতে পেরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয়।
দেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছেন আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা গেছে, দাম্পত্য কলহের জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হবে। তদন্তের পরই স্পষ্ট হবে ঠিক কী ঘটেছিল ওই রাতে।