এক পা ফেললেই আর ফেরা হত না। চলন্ত ট্রেনের ফাঁকে পা পিছলে পড়ে যাচ্ছিলেন এক মহিলা। ঠিক সেই সময় মৃত্যু থেকে তাঁকে টেনে বের করে আনলেন রেল পুলিশের কনস্টেবল পূনম কুমারী।

ফাইল চিত্র
শেষ আপডেট: 4 July 2025 12:29
দ্য ওয়াল ব্যুরো: এক পা ফেললেই আর ফেরা হত না। চলন্ত ট্রেনের ফাঁকে পা পিছলে পড়ে যাচ্ছিলেন এক মহিলা। ঠিক সেই সময় মৃত্যু থেকে তাঁকে টেনে বের করে আনলেন রেল পুলিশের কনস্টেবল পূনম কুমারী। ঘটনাটি ঘটেছে দিল্লির সাহাদরা রেলওয়ে স্টেশনে, বুধবার রাত ১১টা ২০ মিনিট নাগাদ।
১৪১১৮ কালিন্দি এক্সপ্রেস তখন সাহাদরার ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছিল। সেই সময় বেশ কয়েকজন যাত্রী দৌড়ে উঠতে যান ট্রেনে। তাঁদের মধ্যে ছিলেন ওই মহিলা। ওঠার সময় চলন্ত ট্রেনের সঙ্গে ভারসাম্য হারিয়ে ফাঁকে পড়ে যাচ্ছিলেন তিনি।
ডিউটিতে থাকা রেল সুরক্ষা বাহিনীর (RPF) কনস্টেবল পূনম কুমারী সঙ্গে সঙ্গে দৌড়ে যান ও ওই মহিলাকে প্ল্যাটফর্মে টেনে তোলেন। ততক্ষণে ট্রেন অনেকটাই গতি পেয়ে গেছে। পূনমের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো যায়। এরপর ঘটনাস্থলে ছুটে আসেন কয়েকজন সহযাত্রীও। তাঁরা সবাই মিলে ওই মহিলাকে নিরাপদে সরিয়ে আনেন। কয়েক সেকেন্ডের ব্যবধানে প্রাণে বাঁচেন ওই যাত্রী।
🚨 Heroic Act in Delhi!
A major tragedy was averted at Shahdara Station thanks to the quick action of an RPF lady constable.
Her promptness saved the day and countless lives.
Let’s salute our real-life heroes! 🇮🇳#Delhi #Shahdara #RPF #IndianRailways #ViralNews pic.twitter.com/UimKY3mSAu— Ashutosh Dhar Dubey 🇮🇳 | Journalist (@DankDubey) July 3, 2025
রেলের তরফে পূনম কুমারীর সাহসিকতার প্রশংসা করা হয়েছে। এই ঘটনার পর উত্তর রেল কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশে সতর্কতা জারি করেছে—চলন্ত ট্রেনে ওঠা বা নামার সময় ঝুঁকি না নিতে, এবং ট্রেন সম্পূর্ণ থামার পরেই উঠতে বা নামতে অনুরোধ করা হয়েছে।