
প্রতীকী ছবি
শেষ আপডেট: 18 March 2025 11:26
দ্য ওয়াল ব্যুরো: পুত্র সন্তানের (Baby Boy) জন্ম দিতে পারেননি। সে কারণে হতাশ হয়ে নিজের ১৭ দিনের মেয়েকেই জলের ট্যাঙ্কে (Water Tank) ফেলে খুনের অভিযোগ মায়ের (Mother) বিরুদ্ধে। রাজস্থানের (Rajasthan) ঝুনঝুনের ঘটনা।
সোমবার পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে স্বামীর অভিযোগের ভিত্তিতে মহিলাকে গ্রেফতার করা হয়েছে। জেরায় তিনি জানিয়েছেন, প্রথম থেকেই চেয়েছিলেন তাঁর একটি পুত্র সন্তান হোক। শেষমেশ কন্যা সন্তান জন্ম দেওয়ায় চরম হতাশাগ্রস্ত হয়েই এমন কাণ্ড ঘটিয়েছেন।
জানা গিয়েছে, অভিযুক্ত মহিলা ঘটনাটি ঘটিয়েছেন রবিবার। কোতোয়ালি থানার স্টেশন হাউস অফিসার নারায়ণ সিং জানিয়েছেন, ঝুনঝুনু এলাকার রাম কলোনির বাসিন্দা ২২ বছরের আচকি দেবী রবিবার তাঁর ১৭ দিনের কন্যাসন্তানকে জলের ট্যাঙ্কে ফেলে দেন। পরে ঢাকনা বন্ধ করে দেওয়ায় দমবন্ধ হয়ে সদ্যোজাত শিশুটির মৃত্যু হয়।
পরে ওই মহিলা নিজেই পরিচিত এক ব্যক্তিকে পুরো ঘটনাটি জানান। সেখান থেকেই মহিলার স্বামীর কানে খবর পৌঁছলে তিনি থানায় গিয়ে নিজের স্ত্রীর নামেই অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, রবিবার মহিলাকে আটক করে জেরা করতেই নিজের সব অপরাধ স্বীকার করে নেন তিনি। এরপর সোমবার তাঁকে গ্রেফতার করা হয়। আদালত তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।