
ফাইল চিত্র
শেষ আপডেট: 16 April 2025 12:55
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের মাউন্ট আবুর দিলওয়াড়া জৈন মন্দিরে এক মহিলার ব্যক্তিগত ছবি তোলার অভিযোগে চাঞ্চল্য ছড়াল। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, মন্দির প্রাঙ্গণে বসে থাকা এক বৃদ্ধ গোপনে ওই তরুণীর পায়ের ছবি তুলছিলেন বলে অভিযোগ। মহিলা নিজে যখন বিষয়টি ধরে ফেলেন, তখন প্রতিবাদ করে সরাসরি প্রশ্ন করেন, ‘‘আঙ্কেল, আপনি এটা কী করছেন? কেন আমার ছবি তুলছেন? পায়ের ছবি তুলছেন কেন?’’
ঘটনাটি সামনে আসে মহিলার সঙ্গী অনুরাগ নামের এক বন্ধুর ইনস্টাগ্রাম পোস্ট থেকে। তিনিই গোটা ঘটনাটি ভিডিও করেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভিডিওতে দেখা গিয়েছে, শুরুতে ওই ব্যক্তি অভিযোগ অস্বীকার করলেও, পরে নিজের মোবাইল ফোনের গ্যালারি খুললে ছবিগুলি সামনে আসে। তাতে স্পষ্ট বোঝা যায়, তিনি গোপনে তরুণীর ছবি তুলেছিলেন।
ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘আমার বান্ধবী মাউন্ট আবুর দিলওয়াড়া জৈন মন্দিরের সামনে বসে তাঁর অভিভাবকদের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় এক বৃদ্ধ ভদ্রলোক তাঁকে একদৃষ্টে দেখতে থাকেন এবং গোপনে তাঁর পায়ের ছবি তোলেন। মহিলাটি প্রতিবাদ করলে, তিনি ছবি ডিলিট করেন, কিন্তু পাশে থাকা কেউ এগিয়ে আসেননি। মন্দিরের মতো একটি পবিত্র জায়গাতেও এভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে।’’
View this post on Instagram
মহিলা বলেন, ওই ব্যক্তির দৃষ্টিভঙ্গি তাঁকে অস্বস্তিতে ফেলে। ছবি তুলেও পরে তা অস্বীকার করেন বৃদ্ধ, যা আরও ক্ষোভের সৃষ্টি করে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘মন্দিরের সামনে বসে আপনি এই কাজ করছেন! লজ্জা করে না?’’
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের ক্ষোভ উপচে পড়েছে। অনেকেই রাজস্থান পুলিশ ও পর্যটন দফতরকে ট্যাগ করে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। কেউ কেউ ওই ব্যক্তির পরিচয় জানলে তাঁর পরিবার ও বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
একজন মন্তব্য করেছেন, ‘‘এমন ব্যক্তি কারও স্বামী, কারও বাবা, কারও ভাই। এভাবে একজন মহিলাকে দেখতে লজ্জা করে না?’’ আরেকজন লেখেন, ‘‘পুলিশ যেন অবিলম্বে ব্যবস্থা নেয়। মন্দির কর্তৃপক্ষও যেন এই ব্যক্তিকে মন্দিরে প্রবেশ করতে না দেয়।’’