
প্রতীকী ছবি
শেষ আপডেট: 30 January 2025 07:50
দ্য ওয়াল ব্যুরো: প্রতিবেশী যুবকের লালসার শিকার এক তরুণী। একেবারে ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, তরুণীর সন্তানদের সামনেই তাঁর গায়ে অ্যাসিড ঢালার ঘটনাও ঘটিয়েছে যুবক। বর্তমানে তরুণী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। আর অভিযুক্ত যুবক পলাতক। মারাত্মক এই ঘটনাটি ঘটেছে অসমে।
পুলিশ সূত্রে খবর, গত ২২ জানুয়ারি অসমের কাছার জেলার বাসিন্দা ওই তরুণীর বাড়ি ঢুকে তাঁকে ধর্ষণ করেছিল ওই প্রতিবেশী যুবক। তারপর তাঁর শরীরে অ্যাসিড ঢেলে পালিয়ে যায়। সেই সময়ে ঘরে উপস্থিত ছিল তরুণীর দুই সন্তানও। তাঁদের সামনেই এই ভয়ঙ্কর ঘটনা ঘটায় যুবক। বাড়িতে তরুণীর স্বামী না থাকার সুযোগে এই কাণ্ড ঘটিয়েছে যুবক।
কয়েক ঘণ্টা পর তরুণীর স্বামী বাড়ি ফিরে দেখেন স্ত্রী হাত-পা-মুখ বাধা অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। তিনি অর্ধনগ্ন এবং শরীরের একাধিক জায়গা পুড়ে গেছে। দেখেই তিনি বুঝতে পারেন যে অ্যাসিড জাতীয় কোনও কিছু ঢালা হয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে সিলচর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যান ব্যক্তি। এই মুহূর্তে তরুণীর শারীরিক অবস্থা ভাল নয় বলে জানা গেছে।
তরুণীর স্বামী পুলিশে মামলা দায়ের করেন এবং সেই প্রেক্ষিতে পলাতক যুবকের সন্ধানে নেমেছে তাঁরা। তবে মহিলাকে আদৌ ধর্ষণ করা হয়েছে কিনা সে ব্যাপারে ধন্দ দেখা দিয়েছে পুলিশের মধ্যে। তাঁদের অনুমান, শুধু মারধর করে অ্যাসিড ঢালা হতে পারে। এখন তাঁরা তরুণীর মেডিক্যাল রিপোর্টের অপেক্ষায় রয়েছেন। তবে এই ঘটনা যুবক শুধু যৌন লালসার কারণে ঘটিয়েছে না এর পিছনে অন্য কারণ রয়েছে, তাও জানার চেষ্টায় পুলিশ।