
ফাইল চিত্র
শেষ আপডেট: 21 February 2025 20:33
দ্য ওয়াল ব্যুরো: বাসস্টপে অপেক্ষা করছিলেন তিনি। এই সময়ে চারজন যুবক তাঁর সঙ্গে আলাপ করতে আসেন। তারপর এদিক-ওদিকের কথা বলে পরিচয় বাড়ান। কোরমঙ্গলার (Koramangala) একটি হোটেলে আমন্ত্রণ জানানো হয় ডিনারে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ডিনারে গিয়েই গণধর্ষণের শিকার হয়েছেন তিনি! এমনই অভিযোগ করেছেন ৩৩ বছরের এক তরুণী। ঘটনা বেঙ্গালুরুর (Bengaluru)।
অভিযোগকারিণী বিবাহিত। তিনি ক্যাটেরিং সার্ভিসে কাজ করেন। তাঁর অভিযোগ, জ্যোতি নিবাস কলেজ জংশনে তিনি বাসের জন্য অপেক্ষা করছিলেন। এই সময়ই ২০-২১ বছরের চারজন যুবক সেখানে আসেন। হঠাৎ তারা কথা বলতে শুরু করেন তাঁর সঙ্গে। বেশ বন্ধুত্বপূর্ণ আলাপচারিতাই হয়েছিল তাঁদের মধ্যে। তরুণী জানান, এরপরই তাঁকে কোরমঙ্গলার একটি হোটেলে ডিনারের জন্য আমন্ত্রণ জানায় তাঁরা। সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয়েছে।
পুলিশকে তরুণী জানিয়েছেন, হোটেলে যাওয়া এবং ডিনার পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু তারপরই যুবকরা তাঁর সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করে। শরীরে হাত দেয় এবং যৌন ইঙ্গিত মার্কা মন্তব্য করতে থাকে। তিনি সেখান থেকে চলে আসতে চাইলেই তাঁকে জোর করে হোটেলের ছাদে নিয়ে যাওয়া হয় এবং সকলে মিলে তাঁকে ধর্ষণ করে।
শুধু তাই নয়, বিষয়টি কাউকে বললে তাঁর আরও বড় ক্ষতি করে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয়। ভোর পর্যন্ত তাঁকে সেখানে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলেই অভিযোগ।
ঘটনার কথা তরুণী তাঁর স্বামীকে এসে জানানোর পর তাঁরা পুলিশে অভিযোগ করেন। তদন্ত শুরু করে ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি ১ জনের খোঁজ চলছে। জানা গেছে, এরা সকলেই ভিনরাজ্যের বাসিন্দা এবং শহরে হোটেলে কাজ করে।